জনপ্রিয় গায়ক ও সংগীত পরিচালক অনুপম রায় ও গায়িকা প্রশ্মিতা পালের সংসারে নতুন অতিথি এসেছে। পুত্রসন্তানের বাবা-মা হয়েছেন এই তারকা দম্পতি। সামাজিক যোগাযোগমাধ্যমে যৌথভাবে সুখবরটি জানিয়েছেন তারা।
২০২৪ সালের ২ মার্চ ঘরোয়া আয়োজনে প্রশ্মিতা পালকে বিয়ে করেন অনুপম রায়। কাছের মানুষদের উপস্থিতিতে রেজিস্ট্রি ও আইনি আনুষ্ঠানিকতার মাধ্যমে তাদের বিয়ে সম্পন্ন হয়। এর প্রায় দুই বছর পর তাদের সংসারে এল প্রথম সন্তান।
প্রশ্মিতার সঙ্গে একটি কার্ড শেয়ার করে অনুপম লেখেন, ‘আমরা আনন্দিত এই ঘোষণা করতে পেরে যে আমাদের একটি ছেলে হয়েছে।’
এর আগে প্রশ্মিতা সন্তানসম্ভবা হওয়ার খবর প্রকাশ্যে এলেও বিষয়টি নিয়ে দুজনেই নীরব ছিলেন। এবার পুত্রসন্তান জন্মের খবর প্রকাশ্যে আসার পর অনুপম-প্রশ্মিতাকে শুভেচ্ছায় ভাসাচ্ছেন তাদের অনুরাগীরা।
অনুপমের এটি তৃতীয় বিয়ে। সংগীতজগতের মানুষ হওয়ায় প্রশ্মিতার সঙ্গে তার আগে থেকেই পরিচয় ছিল। বন্ধুত্ব থেকে ধীরে ধীরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের খবরের মতো সন্তান আসার বিষয়টিও বেশ গোপন রেখেছিলেন তারা।
এর আগে ২০১৫ সালে পিয়া চক্রবর্তীকে বিয়ে করেছিলেন অনুপম। প্রায় পাঁচ বছর সংসার করার পর ২০২১ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়। পরবর্তী সময়ে পিয়া অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়কে বিয়ে করেন। একই সময়ে অনুপমও প্রশ্মিতার সঙ্গে নতুন জীবন শুরু করেন।
কাকতালীয়ভাবে গত বছর জুনে পিয়া ও পরমব্রতও পুত্রসন্তানের বাবা-মা হন। এবার অনুপম ও প্রশ্মিতার ঘরেও এল পুত্রসন্তান।
অন্যদিকে, প্রশ্মিতা নিজেও সংগীতাঙ্গনে পরিচিত নাম। ২০১২ সালে ‘বোঝেনা সে বোঝেনা’ সিনেমার ‘সাজনা’ গানটি গেয়ে ব্যাপক পরিচিতি পান তিনি। এই গানের জন্য ২০১৪ সালে রেডিও মির্চি সংগীত পুরস্কারে সেরা উদীয়মান গায়িকার পুরস্কারও পান।
এ ছাড়া ‘ওপেন টি বায়োস্কোপ’সহ বিভিন্ন সিনেমায় গান করেছেন প্রশ্মিতা। ‘উড়ান’ নামের একটি ব্যান্ডের প্রধান কণ্ঠশিল্পী হিসেবেও সংগীতচর্চা চালিয়ে যাচ্ছেন তিনি।