ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৬৪৩৮

ভেনেজুয়েলায় গত জুন মাসে আঘাত হানা পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬ হাজার ৪৩৮ জনে দাঁড়িয়েছে। স্থানীয় সময় সোমবার (১৭ আগস্ট) দেশটির কর্তৃপক্ষ সর্বশেষ এই মৃত্যুর সংখ্যা জানিয়েছে।

ভূমিকম্পের প্রায় দুই মাস পরও ধ্বংসস্তূপের মধ্যে নিখোঁজদের সন্ধানে স্বজন ও উদ্ধারকর্মীরা তল্লাশি চালিয়ে যাচ্ছেন। খবর এএফপির।

দেশটির পার্লামেন্টের স্পিকার জর্জ রদ্রিগেজ জানান, নতুন হিসাবে মৃতের সংখ্যা গত সপ্তাহের ৬ হাজার ৩০১ জন থেকে বেড়ে ৬ হাজার ৪৩৮ জন হয়েছে।

গত ২৪ জুন ভেনেজুয়েলার উপকূলের কাছে ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে অন্তত ১৯০টি ভবন ধসে পড়ে।

কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ভূমিকম্পে প্রায় ৬০ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে প্রায় ২৪ হাজার বাড়ি বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে।

হাজার হাজার মানুষ এখনও অস্থায়ী শিবিরে আশ্রয় নিয়ে আছেন। এখানে বসবাসের পরিস্থিতি অত্যন্ত কঠিন। 

রাজধানী কারাকাসে চলতি সপ্তাহান্তে ভারি বৃষ্টিতে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের থাকার কয়েকটি তাঁবুও নষ্ট হয়ে গেছে।

ক্ষতিগ্রস্তদের জন্য নতুন ঘর দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের সরকার।

সরকার বছরের শেষ নাগাদ ৪ হাজার ঘর দেওয়ার প্রতিশ্রুতি দিলেও এখন পর্যন্ত মাত্র ৩৩৫টি ঘর ক্ষতিগ্রস্তদের জন্য প্রস্তুত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *