রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণিত বিভাগের এক শিক্ষার্থী প্রকাশ্যে বিষাক্ত পদার্থ (হারপিক) পান করে আত্মহত্যার চেষ্টা করেছেন। আজ সোমবার (১৭ আগস্ট) বিকেল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিরাজী ভবনের সামনে এ ঘটনা ঘটে।
হারপিক পানের পর আশঙ্কাজনক অবস্থায় ওই শিক্ষার্থীকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে হাসপাতালের ইমার্জেন্সি ইউনিটে ভর্তি করা হয়েছে।
কর্তব্যরত চিকিৎসকের বরাতে জানা গেছে, বিষাক্ত পদার্থ পান করায় শিক্ষার্থীর শ্বাসনালির গুরুতর ক্ষতি হয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. এ এইচ এম খুরশীদ আলম বলেন, শিক্ষার্থীকে বাঁচাতে রামেক হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে বিশেষ চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়েছে।
ওই শিক্ষার্থীর সহপাঠীদের সঙ্গে কথা বলে জানা গেছে, তার এক তরুণীর সঙ্গে সম্পর্ক ছিল। সম্প্রতি ওই তরুণীর সঙ্গে তার সম্পর্কের অবনতি ঘটে এবং তিনি তাকে এড়িয়ে চলছিলেন বলে সহপাঠীদের দাবি। এর জেরে মানসিকভাবে ভেঙে পড়ে ওই শিক্ষার্থী এমন সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন বলে ধারণা করছেন তারা।
তবে আত্মহত্যার চেষ্টার প্রকৃত কারণ নিশ্চিতভাবে জানা যায়নি।
সহপাঠীরা আরও জানায়, প্রায় এক মাস আগেও ওই শিক্ষার্থী একবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন। তখন তারা তাকে বুঝিয়ে বাসায় পাঠিয়েছিলেন।
এদিকে আত্মহত্যার চেষ্টায় গুরুতর অসুস্থ শিক্ষার্থীকে দেখতে রামেকে যান রাবির উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম। তিনি জানান, ‘ওই শিক্ষার্থী আপাতত ঝুঁকিমুক্ত রয়েছেন। তার চিকিৎসায় বিশ্ববিদ্যালয় প্রশাসন সার্বিক তত্ত্বাবধান করছে।’