লিভারপুলের লাল জার্সিতে ৯ বছরের সাম্রাজ্য বিস্তার শেষে নতুন ঠিকানায় পা রেখেছেন মিশরীয় রাজপুত্র মোহাম্মদ সালাহ। তবে তুর্কি সুপার লিগে তাঁর পথচলার সূচনাটা খুব একটা সুমিষ্ট হলো না। শনিবার রাতে কাসিমপাশার বিরুদ্ধে ১-১ গোলে ড্র করে পয়েন্ট খুইয়েছে তাঁর নতুন ক্লাব ট্রেবজনস্পোর।
বদলি খেলোয়াড় হিসেবে নেমে মাঠে দারুণ কিছু সুযোগ তৈরি করলেও দলকে জয় এনে দিতে পারেননি ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড।
সাতবারের তুর্কি চ্যাম্পিয়ন ট্রেবজনস্পোর প্রথমার্ধে নোয়া স্যাভিওলোর গোলে এগিয়ে গিয়েছিল। তবে দ্বিতীয় অর্ধে পেনাল্টি থেকে গোল পরিশোধ করে কাসিমপাশাকে সমতায় ফেরান আদ্রিয়ান বেনেডিচাক।
কাসিমপাশা সমতায় ফেরার ঠিক পরেই, খেলার ৫৮তম মিনিটে ডানপ্রান্তের উইঙ্গার হিসেবে মাঠে নামেন সালাহ। মাঠে নেমেই নিজের চিরচেনা ড্রিবলিং ও নিখুঁত পাসে সতীর্থদের জন্য বেশ কয়েকটি আক্রমণ সাজিয়ে দেন তিনি। তবে ট্রেবজনস্পোরের ফরোয়ার্ডরা সেই সুযোগগুলোকে গোলে পরিণত করতে ব্যর্থ হওয়ায় জয়ের মুখ দেখা হয়নি ক্লাবটির।
ম্যাচ শেষে ট্রেবজনস্পোরের কোচ ফাতিহ টেক্কে নিজের হতাশা লুকিয়ে রাখতে পারেননি। তিনি বলেন, আজকের সূচনাটা সত্যিই দুঃখজনক। ম্যাচটিতে আমাদের জয় পাওয়া উচিত ছিল, কিন্তু আমরা সফল হতে পারিনি। আগামী ২০ আগস্ট ইউরোপা লিগের প্লে-অফে হাঙ্গেরির দল ফেরেনকাভারোসের মুখোমুখি হবে ট্রেবজনস্পোর। সেই ম্যাচের গুরুত্ব মনে করিয়ে দিয়ে কোচ যোগ করেন, বৃহস্পতিবারের ম্যাচটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ; ইউরোপে আমাদের প্রতিপক্ষ আমাদের চেয়ে অনেক ভালো দল।
লিভারপুলের হয়ে দুটি প্রিমিয়ার লিগ এবং একটি চ্যাম্পিয়নস লিগসহ মোট ৮টি প্রধান শিরোপা জিতে ‘অ্যানফিল্ডে’ নিজেকে অলটাইম গ্রেট হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন সালাহ। এ মাসের শুরুতেই ৩৪ বছর বয়সী এই আফ্রিকান কিংবদন্তি মুক্ত দলবদল প্রক্রিয়ায় ট্রেবজনস্পোরের সাথে দু’বছরের চুক্তিতে সই করেন। এর কিছুদিন আগেই ২০২৬ ফিফা বিশ্বকাপে মিশরকে ঐতিহাসিক শেষ ষোলোতে নেতৃত্ব দেন সালাহ।
এনফিল্ডের সাম্রাজ্য ছেড়ে তুরস্কের লিগে নিজেকে মানিয়ে নেওয়ার এই লড়াইয়ে শুরুটা কিছুটা অম্লমধুর হলেও, ফারাও রাজার জাদুকরী পা থেকে আরও সেরা কিছু দেখার অপেক্ষায় বিশ্বজোড়া সালাহ ভক্তরা।
তথ্যসূত্র: আলো জাজিরা
এসএন/পিডিকে