ছেলের বিরুদ্ধে ধর্ষণ মামলা করায় ভাইকে কুপিয়ে হত্যা

সিলেটের গোয়াইনঘাটে মেয়েকে ধর্ষণের লিখিত অভিযোগ করায় কলিম উল্লাহ (৫৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার আপন ভাইয়ের বিরুদ্ধে। গতকাল শনিবার (১৫ আগস্ট) উপজেলার ৫ নম্বর পূর্ব আলীরগাঁও ইউনিয়নের লাফনাউট গ্রামের পূর্ব দীঘিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কলিম উল্লাহর মেয়েকে ধর্ষণের অভিযোগ ওঠে তার ভাই সয়ফুল্লাহর (৬০) ছেলে জুবের আহমদের বিরুদ্ধে। স্থানীয় বিচারে প্রতিকার না পেয়ে শনিবার সকালে মেয়েকে সঙ্গে নিয়ে গোয়াইনঘাট থানায় লিখিত অভিযোগ দেন কলিম উল্লাহ। অভিযোগের পর পুলিশ অভিযুক্ত জুবেরকে খুঁজতে হাওরের দিকে রওনা হলে কলিম উল্লাহও তাদের সঙ্গে যান। এ সময় পিছন দিক থেকে সয়ফুল্লাহ ধারালো অস্ত্র দিয়ে তার ভাই কলিম উল্লাহকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। পরে তাকে উদ্ধার করে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপরই মূল অভিযুক্ত সয়ফুল্লাহ পালিয়ে গেলেও তার ছেলে আমির উদ্দিনকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক মোড়ল বলেন, হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে আমির উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে এবং সয়ফুল্লাহকে গ্রেপ্তারে অভিযান চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *