বান্দরবানের লামা উপজেলায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন লঙ্ঘন করায় পাঁচটি ইটভাটাকে ৫টি মামলায় মোট ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার (১৫ আগস্ট) উপজেলার ফাইতং ইউনিয়নের রাইম্যাখোলা এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন লামা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন। জরিমানা করা ইটভাটাগুলো হলো- ডিবিএম, এমএমবি, এমবিআই, এবিসি৪ ও ইউএমবি।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পরিবেশ আইন অমান্য করে ইটভাটা পরিচালনার অপরাধে ৫টি মামলায় ৫ জন আসামিকে এই অর্থদণ্ড দেওয়া হয়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন বলেন, পরিবেশ সুরক্ষায় এবং অবৈধ ইটভাটার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।