রাজধানীর নিউমার্কেট থানার এলিফ্যান্ট রোডের একটি বাসা থেকে মোছা. রত্না আক্তার (১৭) নামের এক গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শনিবার (১৫ আগস্ট) দুপুর ১২টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে রত্নাকে হাসপাতালে নিয়ে আসা আলমগীর হোসেন বলেন, রত্না আড়াই মাস ধরে ওই বাসায় গৃহকর্মীর কাজ করছিল। শনিবার বেলা ১১টার দিকে নিজের কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস নেয় সে। খবর দিলে পুলিশ গিয়ে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেয়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রত্নাকে মৃত ঘোষণা করেন।
আলমগীর হোসেন আরও বলেন, রত্না সিলেটের বাসিন্দা মো. দুলাল মিয়ার মেয়ে। আড়াই মাস আগে তাকে এলিফ্যান্ট রোডের একটি ভবনের নয়তলার বাসিন্দা শাহজাহানের বাসায় গৃহকর্মীর কাজে নিয়ে আসেন তিনি। বিভিন্ন সময় রত্না বাসামালিকের প্রশংসাও করতো। তবে কি কারণে সে গলায় ফাঁস নিয়েছে সে বিষয়ে কিছু বলতে পারেননি আলমগীর।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক গণমাধ্যমকে বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।