স্টার্কের সঙ্গে মাঠে কী হয়েছিল মিরাজের?

অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্টের দ্বিতীয় দিনেও ব্যাট হাতে দাপট দেখিয়েছে বাংলাদেশ। লিটন দাস-মুশফিকুর রহিমরা কিছুটা হতাশ করলেও দিনটা দারুণভাবেই শেষ করেছে টাইগাররা। বলহাতে দুর্দান্ত পারফর্ম করা হাসান মাহমুদ ব্যাটহাতেও দুঢ়তা দেখিয়েছেন। মেহেদী হাসান মিরাজের সঙ্গে পার করে দিয়েছেন দ্বিতীয় দিনের শেষ বিকেলটা।

তবে মাঠের দারুণ এই পারফরম্যান্সের মাঝেই উত্তাপ ছড়িয়েছে অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক ও টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের মধ্যকার একটি ঘটনা। ব্যাটিংয়ে বাংলাদেশের এমন দৃড়তায় বিরক্ত দেখা গেছে অসি পেসারকে। মাঠেই তর্কে জড়িয়ে পড়েন মিরাজের সঙ্গে। যেটি থামাতে হস্তক্ষেপ করতে হয়েছে স্বয়ং আম্পায়ারকে।

ঘটনাটি ঘটেছিল অস্ট্রেলিয়ার ইনিংসের ১০৩তম ওভারে। স্টার্কের করা ২৫তম ওভারের পঞ্চম বলে পয়েন্টে বল ঠেলে দিয়ে রান নিতে ছোটেন মিরাজ। ক্রিকেটের নিয়ম অনুযায়ী, বোলারের রানআপ ও ফলো-থ্রুর মতো ব্যাটারদেরও পিচের মাঝের সুরক্ষিত অংশ এড়িয়ে দৌড়ানোর কথা। কিন্তু রান নেওয়ার সময় বলের দিকে নজর রাখতে গিয়ে স্টার্কের মুখোমুখি হয়ে পড়েন মিরাজ। ঘুরে না গিয়ে পিচের মাঝ দিয়েই দৌড় শেষ করেন তিনি।

বিষয়টি আম্পায়ার কুমার ধর্মসেনার নজর এড়ায়নি। রান নেওয়ার সময়ই মিরাজকে পিচের প্রটেক্টেড এরিয়া ব্যবহারের জন্য সতর্ক করেন তিনি। মিরাজ এসময় ব্যাখ্যা দিয়ে বলেন, বল দেখতে গিয়ে সামনে কি আছে বুঝতে পারেননি তিনি।

এ ঘটনাই জেড়েই তেড়ে আসেন অসি পেসার মিচেল স্টার্ক। মিরাজের দিকে ইঙ্গিত করে স্টার্ক বলেন, এটি তার ফলো-থ্রুর জায়গা এবং মিরাজকে উইকেট থেকে সরে দাঁড়াতে হবে। জবাবে মিরাজ বুঝিয়ে বলেন যে, বলের দিকে চোখ থাকায় তিনি সামনে কাউকে দেখতে পাননি। পরিস্থিতি আরও উত্তপ্ত করে তুলে স্টার্ক তখন বলে বসেন, ‘তুমি কিন্তু আর বাংলাদেশে নেই এখন, বুঝেছো?’

মাঠের এই উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে ধারাভাষ্যকক্ষেও আলোচনা হয়েছে। চ্যানেল সেভেনের ধারাভাষ্যে সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিং অবশ্য মিরাজের পক্ষেই কথা বলেছেন। তার মতে, এটি সম্পূর্ণ অনিচ্ছাকৃত ছিল। অন্যদিকে, ধারাভাষ্যকার অ্যালিস্টার নিকলসনের পর্যবেক্ষণ ছিল, পুরো দিন মাঠে টাইগারদের দীর্ঘ ও কঠিন দৃঢ়তায় ক্লান্ত অস্ট্রেলিয়ার হতাশারই বহিঃপ্রকাশ ছিল স্টার্কের এই আচরণ।

উল্লেখ্য, ডারউইন টেস্টের দ্বিতীয় দিন শেষে অস্ট্রেলিয়ার করা ১৯৮ রানের জবাবে ৬ উইকেটে ৩৫১ রান তুলে বড় লিড নিয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ১৫৩ রানে এগিয়ে থেকে তৃতীয় দিনে ব্যাট করতে নামবেন অপরাজিত দুই ব্যাটার মেহেদী হাসান মিরাজ ও প্রথম দিনে ৬ উইকেট নেওয়া হাসান মাহমুদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *