হোটেল কক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ

কক্সবাজার শহরের একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে মোহাম্মদ আতাউল কবির নামে এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার (১৪ আগস্ট) বিকেল পৌনে ৫টার দিকে শহরের বাস টার্মিনাল সংলগ্ন ‘দি গ্রান্ড ঢাকা’ হোটেলের চতুর্থ তলার ৪০১ নম্বর কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত আতাউল কবির বাংলাদেশ পুলিশের কনস্টেবল হিসেবে কক্সবাজারের টেকনাফ থানাধীন হোয়াইক্যং হাইওয়ে পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।

পুলিশ ও হোটেল সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৯টার দিকে আতাউল কবির হোটেলের ওই কক্ষটি ভাড়া নেন। এরপর রাতের পর থেকে তিনি আর কক্ষ থেকে বের হননি। পরদিন শুক্রবার দুপুর ১২টার পর থেকে হোটেল কর্তৃপক্ষ কয়েক দফা দরজায় নক করলেও ভেতর থেকে কোনো সাড়া মেলেনি। পরে বাধ্য হয়ে হোটেল কর্তৃপক্ষ জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানায়।

খবর পেয়ে সদর মডেল থানার এসআই মো. বেলাল হোসেন ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। এরপর হোটেল কর্তৃপক্ষের উপস্থিতিতে কক্ষের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে আতাউল কবিরকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে তার ব্যবহৃত ব্যাগ তল্লাশি করে খাগড়াছড়ি পুলিশ লাইন্সের একটি ব্যক্তিগত স্বাস্থ্য কার্ড ও বিপি নম্বর দেখে তার পরিচয় নিশ্চিত করা হয়।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *