আগামী ১৫ আগস্টকে কেন্দ্র করে রাজধানী ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক ও বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা মোকাবিলায় রাজধানীজুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।
নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পিকেট ও চেকপোস্ট ডিউটি পরিচালনা করা হচ্ছে। মহানগরের সব প্রবেশ পথে চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম জোরদার রাখা হবে। একই সঙ্গে ডিবি ও সিটিটিসির সদস্যরা অপারেশনাল কার্যক্রমে মোতায়েন থেকে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্ব পালন করবেন।
গুরুত্বপূর্ণ স্থান ও জনসমাগমস্থলে সোয়াট, বোম্ব ডিসপোজাল ইউনিট ও কে-নাইন ইউনিটের সদস্যরা সুইপিং কার্যক্রম পরিচালনা করবেন। গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে বিশেষ নিরাপত্তা পরিকল্পনার আওতায় এনে এসব এলাকায় সিসিটিভি ক্যামেরা ও ড্রোনের মাধ্যমে নজরদারি জোরদার করা হবে।
এ ছাড়া সিটিএসবি ও আইএডির সদস্যরা সাদা পোশাকে গোয়েন্দা কার্যক্রম পরিচালনা ও তথ্য সংগ্রহ অব্যাহত রাখবেন। সার্বিক নিরাপত্তা জোরদার করতে অতিরিক্ত র্যাব ও সিআইডি টিম মোতায়েন থাকবে। যেকোনো জরুরি পরিস্থিতি দ্রুত মোকাবিলায় পর্যাপ্ত কুইক রেসপন্স টিম (কিউআরটি) প্রস্তুত ও মোতায়েন রাখা হবে।
স্বাভাবিক মোতায়েনের বাইরে অতিরিক্ত অফিসার ও ফোর্স রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট, অনুষ্ঠানস্থল, মেট্রোরেল স্টেশন, বাস টার্মিনাল, লঞ্চঘাট, ট্রেন স্টেশন ও শপিংমলসহ গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল এলাকায় মোতায়েন থাকবে। এসব এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের মাধ্যমে নগরবাসীর নিরাপদ চলাচল ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হবে।
নিরাপত্তা ব্যবস্থা কার্যকর ও সমন্বিতভাবে বাস্তবায়নের লক্ষ্যে ডিএমপির সকল ঊর্ধ্বতন কর্মকর্তা সরেজমিনে মাঠে থেকে নিজ নিজ অধিক্ষেত্রের নিরাপত্তা ব্যবস্থা তদারকি করবেন। পাশাপাশি ডিএমপির সংশ্লিষ্ট সব ইউনিট সমন্বিতভাবে দায়িত্ব পালন করবে।