চট্টগ্রাম বন্দর জলসীমায় দুই জাহাজের সংঘর্ষ, সম্পূর্ণ অক্ষত কার্গো ট্যাংক

চট্টগ্রাম বন্দর বহির্নোঙরে দুই জাহাজের মধ্যে সংঘর্ষ হয়েছে। প্রায় ৩৩ হাজার টন ডিজেল বহনকারী ট্যাংকার এমটি সি স্পাইকের সঙ্গে নোঙর করে থাকা বাল্ক ক্যারিয়ার এমভি সান শাইনের সংঘর্ষ হয়।

শুক্রবার (১৪ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে তীব্র স্রোতের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এ সংঘর্ষ হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, জাহাজের সব কার্গো ট্যাংক সম্পূর্ণ অক্ষত রয়েছে। কার্গো ট্যাংকে কোনো পানি প্রবেশ করেনি এবং কোনো ধরনের তেল নিঃসরণের ঘটনাও ঘটেনি।

তবে এমটি সি স্পাইকের ইঞ্জিন রুমে আনুমানিক ১ বর্গমিটার ফাটল দিয়ে পানি প্রবেশ করায় সাময়িক ব্ল্যাকআউট বা বিদ্যুৎ বিপর্যয় ঘটে। ইমার্জেন্সি ব্যাটারির সাহায্যে জাহাজের ভিএইচএফ যোগাযোগ ব্যবস্থা সক্রিয় রাখা হয়েছে।

ক্যাবল দিয়ে জাহাজটি স্থিতিশীল রাখা হয়েছে। এতে ভাটার সময়েও জাহাজটি নিরাপদে ভেসে থাকবে।

ঘটনার পরপরই চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ড দ্রুত উদ্ধার অভিযান শুরু করে। বন্দর কর্তৃপক্ষের টাগবোট ‘কাণ্ডারী-৮’ দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও সহায়তা কার্যক্রম পরিচালনা করে।

দ্রুততম সময়ে জ্বালানি তেল খালাসের জন্য শিপিং এজেন্ট এবং ফাটল মেরামত ও উদ্ধারের জন্য স্যালভেজ কোম্পানিকে নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, চ্যানেলে জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *