জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেছেন, পুরো বাংলাদেশ তীব্র জ্বালানি সংকটে ভুগছে। সরকারের পরিকল্পনাহীনতা, সরকারের নজিরবিহীন লুটপাট ও দুর্নীতি এর জন্য দায়ী।
আজ শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে রাজধানীর যাত্রাবাড়ীতে গণভোটের গণরায় বাস্তবায়ন, তেল-গ্যাস ও বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, চাঁদাবাজি ও দখলবাজি এবং বিরোধী দলের ওপর দমন-পীড়ন বন্ধের দাবিতে এনসিপি ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত গণসমাবেশে এসব কথা বলেন নাহিদ ইসলাম।
এনসিপির আহ্বায়ক বলেন, এ সরকার যদি গ্যাস সরবাহ করতে না পারে, গ্যাসের দাম যদি না কমায়, বিদ্যুৎ যদি সরবাহ করতে না পারে, চাঁদাবাজির কারণে কেউ ব্যবসা করতে পারছে না—এসব পরিস্থিতির যদি পরিবর্তন করতে না পারে, আমরা এই সরকারকে ক্ষমতায় থাকতে দেবো না।
নাহিদ ইসলাম বলেন, তারা (সরকার) বলছিল এ বাজেট হওয়ার পরে কোনো কিছুর দাম বাড়েনি। কোনো কিছুর দাম নাকি বাড়বে না। এরকম একের পর এক মিথ্যা কথা তারা বলে যাচ্ছে। তারা সংবিধান সংশোধন কমিটির নামে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে, প্রতারণা করেছে। ফলে এ সরকারকে আমরা একটা প্রতারক সরকার বলতে পারি। একটা বিশ্বাসঘাতক সরকার বলতে পারি। যাদের টাকা নিয়ে তারা নির্বাচন করেছিল, এখন তাদের হাতে দেশের সম্পদ তুলে দিচ্ছে।
সরকার সার্বভৌমত্ব রক্ষা করতে পারছে না অভিযোগ করে বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, ভারতের কাছ থেকে যদি জবাবদিহিতা নিশ্চিত করতে না পারে, তাহলে তারেক তারেক রহমানের ভারত সফর কোনোভাবেই এদেশের জনগণ মেনে নেবে না। দেশের সার্বভৌমত্বের ওপর আঘাত এসেছে। দেশের গণতন্ত্র, বিচার ব্যবস্থার ওপর আঘাত এসেছে। আমরা দেখতে পেলাম এ সরকার একটা প্রেস রিলিজ (সংবাদ বিজ্ঞপ্তি) দেওয়া ছাড়া আর কিছুই করতে পারেনি। ফলে আমরা স্পষ্টভাবে বলতে চাই, তারেক রহমানের হাতে বাংলাদেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ন থাকতে পারছে না। তারা যেই জাতীয়তাবাদের কথা বলে, সেই জাতীয়তাবাদ দিয়ে তারা সীমান্ত হত্যা বন্ধ করতে পারেনি।
সমাবেশে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, রাজনৈতিক পর্ষদ সদস্য আব্দুল্লাহ আল আমিন এমপি, আরিফুল ইসলাম আদীব, এনপসিপির ঢাকা মহানগর দক্ষিণ আহ্বায়ক ইসহাক সরকারসহ কেন্দ্রীয় ও মহানগরীর নেতারা বক্তব্য দেন।