বাড়ির পাশে হাঁসের বাচ্চা পালনের জন্য তৈরি করা ছোট গর্তে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার জামবাড়িয়া ইউনিয়নের আদমপুর (গড়পাড়া) গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো আদমপুর গ্রামের রাজুর ২ বছর ৬ মাস বয়সী ছেলে কাওসার আলী ও একই উপজেলার দলদলী ইউনিয়নের বারইপাড়া গ্রামের মো. সানাউল্লাহর ৪ বছরের ছেলে নূর হোসেন। মারা যাওয়া শিশু দুটি সম্পর্কে মামা-ভাগনে।
জামবাড়িয়া ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ড সদস্য মো. সৈবুর রহমান বলেন, বাড়িতে কেউ না থাকা অবস্থায় দুটি শিশু খেলাধুলা করার সময় পানির পাম্পের উদ্বৃত্ত পানি ধরে রাখা ও হাঁস পালন করার ছোট গর্তে কখন পড়ে যায় তা কেউ দেখেনি। সকালে বিভিন্ন কাজে বাড়ি থেকে সবাই বের হয়ে যায়। এরপর দুপুর দেড়টার সময় ডুবে যাওয়া শিশু নূর হোসেনের মা তাহরিমা বাড়ি ফিরে এসে বাচ্চাদের দেখতে না পেয়ে, খোঁজাখুঁজির একপর্যায়ে গর্তে ডুবে যাওয়া শিশুদের ভেসে থাকা অবস্থায় দেখতে পায়। পরবর্তীতে আশেপাশের মানুষের সাহায্যে পানি থেকে তোলার সাথে সাথে দেখা যায়, দুটি বাচ্চা অনেক আগেই মারা গেছে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারিক বলেন, দুটি বাচ্চা পানিতে ডুবে মারা যাওয়ার ঘটনাটি অপমৃত্যু হিসেবে মামলা করা হয়েছে।