মধ্যপ্রাচ্যে যুদ্ধ দীর্ঘ হলে রেমিট্যান্সে প্রভাব পড়তে পারে : বিএবি চেয়ারম্যান

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা দীর্ঘস্থায়ী হলে বাংলাদেশের রেমিট্যান্স প্রবাহে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) চেয়ারম্যান আবদুল হাই সরকার।

আজ সোমবার (৯ মার্চ) মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বিএবির প্রতিনিধিদের বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান আবদুল হাই সরকার।

গভর্নরের সঙ্গে বৈঠকটি ছিল একটি পরিচিতি পর্ব জানিয়ে আবদুল হাই সরকার বলেন, বৈঠকে ব্যাংক খাতের উন্নয়ন, নীতিগত সমন্বয় এবং ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনা হয়। দেশের স্বার্থে বেসরকারি ব্যাংকগুলোর সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের নিয়মিত যোগাযোগ ও সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়। দুর্বল ব্যাংকগুলোর পুনরুজ্জীবীত করাসহ ব্যাংক ব্যবস্থাকে আরও শক্তিশালী করার বিষয়েও আলোচনা হয় বৈঠকে।

গভর্নরের মনোভাব বেসরকারি ব্যাংকগুলোর প্রতি ইতিবাচক এবং ব্যাংক খাতের উন্নয়নে আন্তরিক জানিয়ে বিএবি চেয়ারম্যান বলেন, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় মধ্যপ্রাচ্যে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের কাজের পরিবেশ বিঘ্নিত হলে রেমিট্যান্স প্রবাহে নেতিবাচক প্রভাব পড়তে পারে। তবে পরিস্থিতি কতদিন স্থায়ী হয়, তার ওপরই মূলত প্রভাবের মাত্রা নির্ভর করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *