খাগড়াছড়িতে ২৪ গুইসাপ উদ্ধার, নারী আটক

খাগড়াছড়ি শহরের চেঙ্গি স্কয়ার এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি বস্তায় বন্দি অবস্থায় ২৪টি গুইসাপ উদ্ধার করেছে বন বিভাগ। অবৈধভাবে বন্যপ্রাণী বহনের অপরাধে এক নারীকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া গুইসাপগুলোর মধ্যে ১০টি জীবিত এবং ১৪টি মৃত অবস্থায় পাওয়া যায়।

গতকাল বুধবার (১২ আগস্ট) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে চেঙ্গি স্কয়ার এলাকায় এই অভিযান পরিচালিত হয়। পুলিশ ও বন বিভাগ জানায়, আটক নারী খাগড়াছড়ির পানছড়ি উপজেলার বাসিন্দা। তিনি চট্টগ্রাম-ফেনী সীমান্তবর্তী বারইয়ারহাট এলাকা থেকে গুইসাপগুলো কিনে খাগড়াছড়ির স্থানীয় বাজারে প্রতি কেজি প্রায় ৪০০ টাকা দরে বিক্রির উদ্দেশ্যে নিয়ে এসেছিলেন।

ঘটনার পর জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। সহকারী কমিশনার দুর্জয় গোস্বামী বলেন, আটক নারীকে থানায় হস্তান্তর করা হয়েছে এবং বন বিভাগ বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা করবে।

খাগড়াছড়ি বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা বলেন, বন্যপ্রাণী ধরা বা শিকার করা সম্পূর্ণ আইনত দণ্ডনীয় অপরাধ। আটক নারীর বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। পরবর্তীতে উদ্ধার করা ১০টি জীবিত গুইসাপ খাগড়াছড়ির আলুটিলা রিজার্ভ ফরেস্টে অবমুক্ত করা হয় এবং মৃত ১৪টি গুইসাপ মাটিতে পুঁতে ফেলা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *