রাজধানীর রায়েরবাগের জোড়াখাম্বাতে একটি মাদ্রাসা থেকে শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধারের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার শিক্ষক হাফেজ মো. জাকারিয়া (৩৫) কে তিন দিন রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম এই আদেশ দেন।
প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক আব্দুস ছবুর এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গত ৫ আগস্ট ঢাকার সিএমএম আদালতে মামলার তদন্ত কর্মকর্তা কদমতলী থানার উপ-পরিদর্শক(এসআই) আমজাদ হোসেন এ মামলার আসামি হাফেজ মো. জোবায়ের আহম্মেদ (২০) ও শিক্ষক হাফেজ মো. জাকারিয়া (৩৫)কে হাজির করে পাঁচ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে বিচারক আসামি জাকারিয়াকে রিমান্ডের আদেশ দিলেও অপর আসামি হাফেজ মো. জোবায়ের আহম্মেদ নিজেকে শিশু দাবি করায় রিমান্ডের শুনানি পেন্ডিং রাখেন এবং আগামী ১৮ আগস্ট রিমান্ড শুনানির নতুন দিন ধার্য করেন।
নথি থেকে জানা গেছে, গত ৩ আগস্ট দুপুরে ওই মাদ্রাসার তৃতীয় তলার বাথরুম থেকে মো. নাঈম শেখ (১৩) নামে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় তার মা নাজমা বেগম এই দুইজনকে আসামি করে মামলা করেন। মামলা দায়েরের পর রাত ১০টার দিকে তাদের মাদ্রাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন তাদের কারাগারে পাঠানো হয়।
এজাহার থেকে জানা গেছে, দুই শিক্ষক বিভিন্ন কারণে নাঈমকে নির্যাতন করতেন। নাঈম বিষয়টি তার মাকে বলেছিল। পরে ছেলেকে মাদ্রাসা থেকে নিয়ে আসতে চেয়েছিলেন নাজমা বেগম। কিন্তু আসামিরা মাদ্রাসা থেকে ছাড়পত্র দেননি। নাঈম ওই মাদ্রাসায় পড়তে না চাওয়ায় আসামিরা তার ওপর নির্যাতন চালিয়ে যান। সোমবার দুপুরে নাঈম মাদ্রাসায় পড়বে না বলে শিক্ষকদের জানায়। তখন তাকে মারধর করা হয়। পরে তাকে শ্বাসরোধে হত্যা করে আসামিরা।