আগেই ঘোষণা ছিল, এবার ঘরোয়া ফুটবলে জাঁকজমকপূর্ণ দলবদল করবে ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব। সেই আয়োজনের ছাপও দেখা গেলো তাদের ক্লাব প্রাঙ্গণে। খেলোয়াড়, কর্মকর্তা ও সমর্থকদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে ঘোড়ার গাড়িতে করে ঢাক-ঢোল ও বাদ্যযন্ত্রের তালে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) এসে নিজেদের উপস্থিতির জানান দেয় সাদা-কালো শিবির।
এবার আগের মৌসুমের তুলনায় আরও শক্তিশালী দল গড়েছে মোহামেডান। বসুন্ধরা কিংস থেকে এরই মধ্যে সাতজন খেলোয়াড়কে দলে ভিড়িয়েছিল মতিঝিলের ঐতিহ্যবাহী ক্লাবটি। বৃহস্পতিবার দুপুরে সেই তালিকায় যোগ হয়েছেন জাতীয় দলের গোলকিপার আনিসুর রহমান জিকো।
দল নিবন্ধনের আগে ক্লাব প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে জিকো বলেন, ‘মোহামেডান ক্লাবে এসে সত্যিই খুব ভালো লাগছে। এই ক্লাবে আরও অনেক আগে খেলার কথা ছিল, যখন অনূর্ধ্ব-১৯ দলে খেলতাম। কিন্তু তখন বসুন্ধরা কিংসে ছিলাম বলে আসা হয়নি। এবার শুরু থেকেই বাবু (আমিরুল ইসলাম) ভাইয়ের সঙ্গে কথা হয়েছে। প্রথম চুক্তিটা আমার সঙ্গেই হওয়ার কথা ছিল। দুর্ভাগ্যজনকভাবে প্রথম দিকে সাইন করতে পারিনি।’
মোহামেডানের ঐতিহ্যের কথা উল্লেখ করে জিকো আরও বলেন, ‘মোহামেডান একটি ঐতিহ্যবাহী ক্লাব। মাঠে যদি সবাই এক হয়ে খেলতে পারি, আশা করি ভালো কিছু হবে। আমরা মাঠেই প্রমাণ দিতে চাই এবং মোহামেডানের ঐতিহ্য ধরে রাখতে চাই। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’
২০২৬-২৭ মৌসুমে মোহামেডানের নিবন্ধিত খেলোয়াড়
গোলকিপার:
সুজন হোসেন, আহসান হাবিব বিপু, ইসমাইল হোসেন মাহিন, আনিসুর রহমান জিকো।
ডিফেন্ডার:
রহমত মিয়া, সাদ উদ্দিন, শাকিল আহাদ তপু, জাহিদ হাসান শান্ত, ইসমাইল হোসেন, আজিজুল হক অনন্ত, টনি আগাবাজি, রিমন হোসেন, শাহিন আহমেদ, হাফিজুর রহমান বাবু।
মিডফিল্ডার:
সোহেল রানা, মিনহাজ আবেদীন বাল্লু, মেহেদী হাসান রয়েল, রহিম উদ্দিন, জুয়েল মিয়া, রাজু আহমেদ, মজিবুর রহমান জনি, শফিউল হোসেন, আমির হাকিম বাপ্পি, কামাল মৃধা, মেহেদী হাসান, আরিফ হোসেন, মোজাফফর মোজাফফরভ, শাহরিয়ার ইমন।
ফরওয়ার্ড:
সুলেমান দিয়াবাতে, সৌরভ দেওয়ান, ইমানুয়েল সানডে, ফয়সাল আহমেদ ফাহিম, জয় আহমেদ।
এসএন/পিডিকে