শাড়ির জন্য আদালতে আসবো, এটা কাম্য না: তানজিন তিশা

একটা শাড়ির জন্য আদালতে আসা কাম্য না বলে মন্তব্য করেছেন অভিনেত্রী তানজিন তিশা। তিনি বলেন, একটা ২৭ হাজার টাকার শাড়ির জন্য আমি নাকি আত্মসাৎ করেছি। আমার ১৫ বছরের ক্যারিয়ার। এটা কাম্য না, আমি একটা শাড়ির জন্য আদালতে আসবো। ন্যায় বিচার যেন পাই, এটাই কামনা। 

বৃহস্পতিবার (১৩ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিশা বলেন, যিনি আমার বিরুদ্ধে এই অভিযোগ এনেছেন, তিনি একজন নারী। তার স্বামীর ক্ষমতা দেখিয়ে আমার সঙ্গে এটা করেছে এবং আমাকে অনেক ধরনের হুমকিও দিয়েছে সেগুলো আমি প্রকাশ করবো।

এর আগে শাড়ি নিয়ে ‘প্রতারণা ও বিশ্বাসভঙ্গের’ মামলায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে আত্মসমর্পণ করে জামিন চান তিশা। শুনানি নিয়ে আদালত জামিনের আদেশ দেন।  তিশার আইনজীবী নিহার হোসেন ফারুক এ তথ্য জানান।

গত ১২ জুলাই তিশাকে আদালতে হাজির হতে সমন জারি করা হয়।

মামলার অভিযোগে বলা হয়েছে, অনলাইন ফ্যাশন পেজ ‘অ্যাপোনিয়া’ থেকে প্রায় ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের একটি শাড়ি নিয়ে সেটির প্রচারণা ও মূল্য পরিশোধের বিষয়ে প্রতিশ্রুতি দিলেও পরে যোগাযোগ বিচ্ছিন্ন করেন তানজিন তিশা। এ ঘটনায় ২০২৫ সালে অনলাইন ফ্যাশন পেজের এডমিন আমিনুল ইসলাম প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে আদালতে মামলাটি দায়ের করেন। ওই সময় আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে ডিবি পুলিশকে ঘটনাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। 

সম্প্রতি তানজিল তিশার বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে প্রতিবেদন জমা দেন পুলিশ। সেই প্রতিবেদনের আদালত আমলে গ্রহণ করে তিশার বিরুদ্ধে সমন জারি করা হয়।

এসএন/পিডিকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *