রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের মনোনয়ন জমা

রাষ্ট্রপতি পদে বিতর্কের ঊর্ধ্বে একজন যোগ্য প্রার্থী কর্নেল অলি : আযাদ

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে সমালোচনা ও বিতর্কের ঊর্ধ্বে একজন যোগ্য প্রার্থী হিসেবে কর্নেল (অব.) অলি আহমদকে জাতি ইতিবাচকভাবে দেখবে বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ।

আজ বৃস্পতিবার (১৩ আগস্ট) নির্বাচন কমিশনে ১১ দলীয় জোটের প্রার্থীর মনোনয়নপত্র জমা দেওয়ার পর হামিদুর রহমান আজাদ এইসব কথা বলেন।

হামিদুর রহমান আজাদ বলেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদের কারণে সংসদ সদস্যদের স্বাধীনভাবে মত প্রকাশ ও ভোট দেওয়ার সুযোগ নেই। ফলে অনেক ক্ষেত্রেই সংসদ সদস্যরা নিজেদের পছন্দ অনুযায়ী ভোট দিতে পারেন না। গণতন্ত্র চর্চায় আমরা একটি নতুন ধারা সৃষ্টি করতে চাই। প্রতিদ্বন্দ্বিতা ছাড়া কোনো নির্বাচন হোক—আমরা তা চাই না।

হামিদুর রহমান আজাদ আরও বলেন, অলি আহমদের মনোনয়নপত্রে প্রয়োজনীয় সব তথ্য-উপাত্ত সুনিপুণভাবে পূরণ করা হয়েছে। তিনি আশা করেন, নির্বাচন কমিশনের যাচাই-বাছাই পর্বে মনোনয়নপত্রটি বৈধতা পাবে।

কর্নেল অলি আহমদের মনোনয়নপত্রের প্রস্তাবক হয়েছেন বিরোধীদলীয় নেতা জামায়াতের আমির ডা. শফিকুর রহমান ও সমর্থক এনসিপির সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিন। এর আগে বেলা ১১টা ৪৯ মিনিটের দিকে ১১ দলীয় ঐক্যের নেতারা প্রধান নির্বাচন কমিশনার ও রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনি কর্তা এ এম এম নাসির উদ্দিনের কাছে মনোনয়নপত্র জমা দেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় আজ সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই হবে আগামী ১৬ আগস্ট। প্রত্যাহারের শেষ দিন ১৮ আগস্ট। ভোটগ্রহণ হবে ২০ আগস্ট জাতীয় সংসদের সংসদ কক্ষে। ৩৪৯ জন সংসদ সদস্য এই নির্বাচনের ভোটার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *