মালয়েশিয়ার বিপক্ষে লড়াকু পুঁজি বাংলাদেশের

মালয়েশিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতে ওয়ানডের মিশনে নেমেছে বাংলাদেশ। তবে এবার দলে এসেছে একটু পরিবর্তন। ওয়ানডে খেলছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। সফরকারীদের বিপক্ষে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দ্রুতই উইকেট হারানোর পর হাল ধরেন মোহাম্মদ আব্দুল্লাহ। যদিও তিনি সেঞ্চুরি মিসের আক্ষেপ নিয়ে ফিরেছেন। তবে লড়াকু পুঁজি দাঁড় করিয়েছে স্বাগতিকরা।

আজ বুধবার (১২ আগস্ট) বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে মালয়েশিয়ার বিপক্ষে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ২৯০ রান করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল।

টস জিতে ব্যাট করতে নেমে দলীয় ১১ রানের মধ্যেই টপঅর্ডারের তিন ব্যাটারকে হারায় বাংলাদেশ। ৮ বল থেকে মাত্র ৫ রান করে বিদায় নেন ওপেনার জাওয়াদ আবরার। তিন বল খেলে রানের খাতা খোলার আগেই বিদায় নেন আরেক ওপেনার ইকবাল হাসান। একই পথের পথিক হন চার নম্বরে নামা রিজান হোসেন। ৪ বল খেলে ফিরেছেন শূন্য হাতে।

সেখান থেকে কিছুটা প্রতিরোধ গড়েন তিন নম্বরে নামা কালাম সিদ্দিকী অ্যালিন আর শাহরিয়ার সাকিব। ৪০ রানের জুটি গড়েন এই দুজন। শাহরিয়ার ফিরলে ভাঙে সেই জুটি। ফেরার আগে ২৬ বলে ২১ রান আসে তার ব্যাট থেকে। এরপর বেশি সময় উইকেটে থাকতে পারেননি অ্যালিন। রানআউট হয়ে ফেরেন ৫৬ বলে ৩৪ রান করে।

শাহরিয়ার-অ্যালিন ফেরার পর দায়িত্ব কাধে তুলে নেন মোহাম্মদ আব্দুল্লাহ। আহরার আমিন পিয়ানকে সঙ্গে নিয়ে বাংলাদেশকে বড় রানের আশা দেখান তিনি। হাফসেঞ্চুরি করে সেঞ্চুরির কাছাকাছি চলে গিয়েছিলেন এই মিডলঅর্ডার ব্যাটার। কিন্তু নার্ভাস নাইন্টিতে ফিরেছেন আফসোস নিয়ে। শেষ পর্যন্ত আব্দুল্লাহর ব্যাট থেকে আসে ১০০ বলে ৯৪ রান।

মাঝে হাফসেঞ্চুরি করে ফেরেন পিয়ান। ৬২ বলে ৬১ রান করেন এই ব্যাটার। আর শেষদিকে ১৮ বলে ২৫ রানের ক্যামিও ইনিংস খেলে বাংলাদেশের রান তিনশোর কাছাকাছি নিয়ে যান পারভেজ হোসেন জীবন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *