মিয়ানমারে পাচারকালে ২৯৩ বস্তা সার জব্দ, আটক ৪

ভোলার চরফ্যাশন উপজেলার বেতুয়া লঞ্চঘাট থেকে মিয়ানমারে পাচারের সময় ২৯৩ বস্তা সার জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।  

মঙ্গলবার (১১ আগস্ট) দিনগত রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বেতুয়া লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে এসব সার জব্দ করা হয়। এ সময় সারবোঝাই একটি ট্রাক ও একটি ট্রলার আটক করে পুলিশ। জব্দ করা সারের আনুমানিক মূল্য প্রায় তিন লাখ টাকা।

আটক হওয়া ব্যক্তিরা হলেন—লক্ষ্মীপুর জেলার বাসিন্দা মো. পারভেজ হোসেন (৩৭), নোয়াখালী জেলার বাসিন্দা মো. সিরাজ (৫৭), মো. সোহেল (২৮) ও মো. শাহারাজ (৪০)।

চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ আল ফরিদ ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বেতুয়া লঞ্চঘাট এলাকায় মঙ্গলবার দিনগত রাতেই অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ট্রাকচালক পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়।

পুলিশের জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে জানা যায়, জব্দ করা সারগুলো ট্রলারে করে মিয়ানমারে পাচার করার পরিকল্পনা ছিল। পরে পুলিশ সারবোঝাই ট্রাক ও ট্রলারটি জব্দ করে থানায় নিয়ে যায়।

চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ আল ফরিদ ভূঁইয়া বলেন, এ ঘটনায় মামলা করা হয়েছে। আটক ব্যক্তিদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *