ভারতে ভূমিধসে নিহত ৫, ধ্বংসস্তূপে আটকা ৫

ভারতের মহারাষ্ট্র রাজ্যের মুম্বাইয়ের কুরলা ও ঘাটকোপার সংলগ্ন এলাকায় ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় ৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। এখনও চার থেকে পাঁচজন ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। খবর এনডিটিভির। 

মুম্বাই সিভিক বডি (বিএমসি) এবং ফায়ার ব্রিগেডের তথ্য অনুযায়ী, বুধবার (১২ আগস্ট) ভোররাত ৩টা ৪৮ মিনিটে ঘাটকোপারের চিরাগ নগর এলাকার গাউছিয়া চাল সংলগ্ন পাহাড়ি অঞ্চলে হঠাৎ ধস নামে। এতে পাহাড়ের একাংশ ধসে পাশের দুই থেকে তিনটি বসতবাড়ির ওপর পড়ে ব্যাপক ক্ষতিসাধন করে।

দুর্ঘটনার পরপরই মুম্বাই ফায়ার ব্রিগেড, পুলিশ এবং ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের (এনডিআরএফ) একাধিক দল উদ্ধারকাজে অংশ নেয়। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষদের জীবিত শনাক্ত করতে বিশেষ ভিকটিম-ডিটেকশন ক্যামেরা ব্যবহার করছেন।

প্রাথমিকভাবে দুজন মারা যাওয়ার খবর নিশ্চিত করে উপপুলিশ কমিশনার (ডিসিপি) গণেশ শিন্ডে জানান, উদ্ধার পাওয়া নিহতদের মরদেহ প্রয়োজনীয় প্রক্রিয়ার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং পুলিশ এ বিষয়ে আইনি পদক্ষেপ নিবে। অন্যদিকে, ভূমিধসে আহত দুই কিশোর-সোহেল আনসারি (১৮) ও মোহাম্মদ আনসারিকে (১৪) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল।

ঘটনার পরপরই বিএমসির মেয়র রিতু তাওড়ে এবং অতিরিক্ত মিউনিসিপ্যাল কমিশনার পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থল পরিদর্শনের ঘোষণা দেন। মেয়র তাওড়ে নিহতদের পরিবারকে জেলা সংগ্রাহক কার্যালয়ের মাধ্যমে ৩ লাখ রুপি করে আর্থিক সহায়তা দেওয়ার কথা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *