রাজবাড়ী সদর হাসপাতালে সাপের কামড়ে মারা যাওয়া যুবক হৃদয়ের চিকিৎসায় অবহেলার অভিযোগ উঠেছে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানো হয়েছে। একই সঙ্গে নিহতের পরিবারকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ, স্বাধীন তদন্ত কমিটি গঠন এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. সাজেদুল ইসলাম রুবেল নিহত হৃদয়ের পক্ষে জনস্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ‘ডিমান্ড ফর জাস্টিস’ শীর্ষক এ লিগ্যাল নোটিশ পাঠান।
নোটিশে বলা হয়, গত ৭ আগস্ট দুপুরে সাপের কামড়ে আক্রান্ত হৃদয়কে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে অ্যান্টিভেনম মজুত থাকা সত্ত্বেও তা প্রয়োগ না করে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় রাজবাড়ীর সিভিল সার্জন, রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক, দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নোটিশের আওতাভুক্ত করা হয়েছে।
লিগ্যাল নোটিশে দাবি করা হয়, চিকিৎসায় অবহেলার বিষয়টি তদন্তে একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করতে হবে এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি নিহতের পরিবারকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানো হয়েছে।
এ ছাড়া সারাদেশের হাসপাতালে সাপের কামড়ের চিকিৎসায় ২৪ ঘণ্টা অ্যান্টিভেনম সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) চালুর দাবিও জানানো হয়েছে।
নোটিশে আরও বলা হয়, আগামী সাত দিনের মধ্যে দাবিগুলো বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করা হবে।
আইনজীবী মো. সাজেদুল ইসলাম রুবেল বলেন, চিকিৎসায় অবহেলার অভিযোগের বিষয়টি যথাযথভাবে তদন্ত করে দায়ীদের জবাবদিহির আওতায় আনা এবং ভুক্তভোগী পরিবারকে ন্যায়বিচার দেওয়াই এ আইনি পদক্ষেপের মূল উদ্দেশ্য।