৫ বছরের প্রেম, দেড় বছর আগে আবার বিয়ে করেছেন সাবা

অভিনেত্রী সোহানা সাবার ব্যক্তিজীবনে নতুন অধ্যায় শুরু হয়েছে। দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর ব্যবসায়ী ফয়সালকে বিয়ে করেছেন তিনি। তবে এত দিন বিষয়টি ব্যক্তিগতই রেখেছিলেন এই অভিনেত্রী। সম্প্রতি নিজেই জানিয়েছেন, দেড় বছরেরও বেশি সময় আগে তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

ফয়সালের সঙ্গে সোহানা সাবার সম্পর্কের শুরু প্রায় সাড়ে পাঁচ বছর আগে। অভিনেত্রীর ভাষ্য, প্রথম দেখাতেই মনে হয়েছিল, এই মানুষটির জন্যই হয়তো এত দিন অপেক্ষা করেছেন তিনি। তবে নিজের অনুভূতির কথা তখন প্রকাশ করেননি। পরে ফয়সাল নিজেই ভালোবাসার কথা জানালে সোহানা সাবা সম্মতি দেন।

বিয়ের দিন-তারিখ প্রকাশ করেননি তিনি। শুধু জানিয়েছেন, দেড় বছরের বেশি সময় আগে নিজেদের বাসায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। বিয়ের পর জীবন কেমন কাটছে জানতে চাইলে সোহানা সাবা বলেন, ‘আমার স্বামী, আমরা ভালো আছি। সাড়ে পাঁচ বছরের সম্পর্ক। বিয়ে অনেক আগে হয়েছে। দিন-তারিখ বলতে চাই না। আমার ছেলে অনেক খুশি।’

নাটক ও চলচ্চিত্র নির্মাতা মুরাদ পারভেজের সঙ্গে প্রায় ১০ বছরের সংসার ছিল সোহানা সাবার। সেই সংসারে তাঁদের একটি সন্তান রয়েছে। বিচ্ছেদের পর নানা টানাপোড়েন পেরিয়ে ধীরে ধীরে নিজের জীবন গুছিয়ে নেন তিনি। এরই মধ্যে ফয়সালের সঙ্গে তাঁর পরিচয় এবং পরে প্রেমের সম্পর্ক তৈরি হয়।

অভিনয়ের পাশাপাশি ব্যক্তিজীবনেও আলোচনায় থাকা সোহানা সাবা বড় পর্দায় যাত্রা শুরু করেন কবরী পরিচালিত ‘আয়না’ সিনেমার শুটিংয়ের মাধ্যমে। মুক্তির দিক থেকে অবশ্য মোরশেদুল ইসলামের ‘খেলাঘর’ আগে আসে। এরপর ‘চন্দ্রগ্রহণ’, ‘প্রিয়তমেষু’, ‘বৃহন্নলা’, ‘অসম্ভব’সহ বিভিন্ন সিনেমায় অভিনয় করেছেন তিনি। ভারতের কয়েকটি সিনেমাতেও দেখা গেছে তাঁকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *