শিশুদের নিয়মিত টিকাদানের সংখ্যা কমানো এবং হাম, মাম্পস ও রুবেলা প্রতিরোধে ব্যবহৃত এমএমআর টিকা আলাদা করে দেওয়ার সুপারিশ করে নির্বাহী আদেশে সই করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সোমবার (১০ আগস্ট) ওভাল অফিসে এ বিষয়ে কথা বলেন ট্রাম্প। তিনি দাবি করেন, কয়েক দশক আগে শিশুদের বর্তমানে নির্ধারিত টিকার তুলনায় অনেক কম টিকা দেওয়া হতো এবং তখন মানুষ বেশি সুস্থ ছিল। তার ভাষ্য, সেসময় বর্তমানে দেখা যাওয়া অটিজমের উচ্চ হারও ছিল না।
তবে এমএমআর টিকা ও অটিজমের মধ্যে কোনো সম্পর্ক রয়েছে, এমন দাবির পক্ষে বৈজ্ঞানিক প্রমাণ নেই। বরং একাধিক গবেষণায় এই টিকা এবং অটিজমের মধ্যে কোনো যোগসূত্র পাওয়া যায়নি।
ট্রাম্পের নতুন নির্বাহী আদেশে শিশুদের জন্য সুপারিশকৃত টিকার সংখ্যা আমেরিকান একাডেমি অব পেডিয়াট্রিকসের (এএপি) বর্তমান ১৮টি থেকে কমিয়ে ১১টিতে নামিয়ে আনার কথা বলা হয়েছে।
তবে এটি কোনো বাধ্যতামূলক নির্দেশ নয়। যুক্তরাষ্ট্রে স্কুলে ভর্তি বা উপস্থিতির জন্য কোন কোন টিকা প্রয়োজন হবে, তা কেন্দ্রীয় সরকার নয়, অঙ্গরাজ্য পর্যায়ে নির্ধারণ করা হয়।
ওভাল অফিসে ট্রাম্প বলেন, তার প্রশাসন গুরুতর ও প্রাণঘাতী রোগ প্রতিরোধে শিশুদের জন্য ‘গোল্ড স্ট্যান্ডার্ড’ হিসেবে ১১টি মূল টিকার সুপারিশকে স্বীকৃতি দিচ্ছে।
নতুন আদেশে সব শিশুর জন্য সুপারিশ করা টিকাগুলো হলো: হাম, মাম্পস, রুবেলা, ডিপথেরিয়া, টিটেনাস, হুপিং কাশি বা পারটুসিস, পোলিও, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ-বি, হিউম্যান প্যাপিলোমাভাইরাস (এইচপিভি) এবং ভ্যারিসেলা বা চিকেনপক্সের টিকা।
ট্রাম্প বলেন, ‘আমরা টিকার সংখ্যা কমিয়ে দিচ্ছি।’ শুধু টিকার সংখ্যা কমানো নয়, চিকিৎসকের কাছে একাধিকবার গিয়ে ধাপে ধাপে এসব টিকা দেওয়ার কথাও বলেন তিনি।