টি-টোয়েন্টি বিশ্বকাপ ও বর্তমান ক্রিকেটীয় জটিলতা নিরসনে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সঙ্গে জরুরি বৈঠকে অংশ নিতে লাহোর পৌঁছেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
আজ রোববার (৮ ফেব্রুয়ারি) পাকিস্তানে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কাজ শেষে আজ বিকেলেই তার দেশে ফেরার কথা।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করছে না বাংলাদেশ।
ভারতের মাটিতে খেলতে বাংলাদেশের পক্ষ থেকে আপত্তি জানানো হয়েছিল এবং ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে আইসিসি বাংলাদেশের সেই আহ্বান নাকচ করে দিলে টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ায় টাইগাররা। শেষ পর্যন্ত বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করে আইসিসি।
বাংলাদেশের এই সিদ্ধান্তের প্রতি সংহতি জানিয়ে পাকিস্তানও ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার ঘোষণা দেয়।
চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দেশের ম্যাচ ঘিরে আইসিসির বিশাল অঙ্কের বাণিজ্যিক স্বার্থ ও আর্থিক লাভ-ক্ষতি জড়িত। পাকিস্তান ম্যাচ বয়কটের ঘোষণা দেওয়ায় টুর্নামেন্টের ভবিষ্যৎ ও সম্প্রচার স্বত্ব নিয়ে চরম সংকটে পড়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
উদ্ভূত এই সংকট সমাধানে আজ লাহোরে পিসিবি ও বিসিবির সঙ্গে টেবিলে বসছে আইসিসি। জানা গেছে, বৈঠকে ভারত-পাকিস্তান ম্যাচ আয়োজন এবং বাংলাদেশের আপত্তির বিষয়গুলো নিয়ে মধ্যস্থতার চেষ্টা করা হবে।