বিশ্বশান্তি ও মানবকল্যাণ কামনায় ফরিদপুরে উৎসবমুখর পরিবেশে গঙ্গাস্নান এবং শিবের মাথায় জল অর্পণ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১০ আগস্ট) ভোর ৫টা থেকে সকাল ৮টা পর্যন্ত শহরের বিসর্জন ঘাট ও পদ্মা নদীর সিঅ্যান্ডবি ঘাটে গঙ্গাস্নানে অংশ নেন হাজারো সনাতন ধর্মাবলম্বী।
স্নান শেষে হাজারো ভক্ত উপোস থেকে পায়ে হেঁটে শহরের বিভিন্ন মন্দিরে গিয়ে শিবের মাথায় জল ঢালেন এবং বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় প্রার্থনা করেন। পূজা শেষে আয়োজক ও বিভিন্ন মন্দির কমিটির পক্ষ থেকে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। শহরের নন্দালয় শিব মন্দির, কৈলাস ধাম মন্দির, নিলটুলী সার্বজনীন কালী মন্দির, গৌরগোপাল আঙিনা শিব মন্দির এবং মদন গোপাল আঙ্গিনা শিব মন্দিরে প্রধানত এ জল অর্পণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ফরিদপুর পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা বলেন, সনাতন ধর্মমতে শ্রাবণ মাস ভগবান শিবের আরাধনার বিশেষ সময়। এ মাসে শিবের পূজা করলে সব মনস্কামনা পূরণ হয় বলে বিশ্বাস করা হয়। বিশেষ করে নারীরা স্বামীর দীর্ঘায়ু কামনায় এবং কুমারী মেয়েরা কাঙ্ক্ষিত জীবনসঙ্গী লাভের আশায় এ ব্রত পালন করে থাকেন। ভক্তদের সুশৃঙ্খল অংশগ্রহণে অত্যন্ত ভাবগাম্ভীর্যের সঙ্গে এবারও এ আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।