জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে দাঁড়িয়ে থাকা রডবোঝাই ট্রাকে প্রাইভেটকারের ধাক্কায় একেএম ছামিউল হক (২৭) নামে এক সহকারী জজ নিহত হয়েছেন। আজ সোমবার (১০ আগস্ট) ভোরে জামালপুর সদর উপজেলার লাহিড়ীকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত একেএম ছামিউল হক জামালপুর জজ আদালতের ইসলামপুর সহকারী জজ হিসেবে কর্মরত ছিলেন। তিনি নেত্রকোনা সদর উপজেলার সাতপাই ছেটগাড়া গ্রামের একেএম ফজলুল হকের ছেলে। এ ঘটনায় প্রাইভেটকার চালক ইদ্রিস আলী (৪৬) গুরুতর আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে প্রাইভেটকারযোগে জামালপুরে কর্মস্থলে ফিরছিলেন সহকারী জজ ছামিউল হক। ভোরে লাহিড়ীকান্দা পৌঁছালে কারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা রডবোঝাই ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান সহকারী জজ। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় চালক ইদ্রিস আলীকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনাকবলিত গাড়িটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।