হুজুরকে সালাম দেওয়া ও দোয়া নিতে আসা: বাবুনগরে প্রধানমন্ত্রী

হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীকে সালাম ও তার দোয়া নিতে বাবুনগর মাদ্রাসায় এসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (৯ আগস্ট) বিকেলে ফটিকছড়ির বাবুনগর মাদ্রাসা আয়োজিত সংবর্ধনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘আজকে এখানে আসার মূল উদ্দেশ্য হুজুরকে সালাম দেওয়া ও দোয়া নিতে আসা। এ সরকারে আপনারা হয়তো সরাসরি নেই, তবে সহযোগী হিসেবে আছেন। পরিচালনার দায়িত্ব শুধু একা আমাদের না।’

তিনি বলেন, ‘ফ্যাসিবাদের মাথা পালিয়েছে, কিন্তু অনেক কিছু রয়ে গেছে। একসঙ্গে হুজুরের নির্দেশে আপনারা যে কাজ করেছেন, সেটির জন্য সবাইকে ধন্যবাদ জানাতে চাই।’

তারেক রহমান বলেন, ‘আসুন আমরা কাজ করি, যেটির বিনিময়ে মানুষ ভালো থাকতে পারবে। আমরা চাই দেশটা সামনের দিকে এগিয়ে যায়।’

নিজের প্রতিশ্রুতির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘মূল যে কারণে আসা, আমি যে ওয়াদা করেছিলাম, সেটি রক্ষা করা। আর যাওয়ার সময় হুজুরের দোয়া নিয়ে যেতে চাই। যাতে মানুষকে যে জবান দিয়েছি, সেটি রক্ষা করতে পারি। মানুষের জন্য ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে পারি।’

পরে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী প্রধানমন্ত্রী তারেক রহমান ও দেশের জন্য দোয়া করেন।

বাবুনগর মাদ্রাসা আয়োজিত সংবর্ধনা ও মতবিনিময় সভায় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসএন/পিডিকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *