বিশ্বকাপ চলার সময়ই গুরুতর অসুস্থতার খবর পাওয়া হোর্হে মেসি শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মেনেছেন। গত শনিবার আর্জেন্টিনার রোজারিওতে নিজের জন্মভূমিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন লিওনেল মেসির বাবা। ছেলের বর্ণাঢ্য ফুটবল ক্যারিয়ারজুড়ে যিনি সবসময় ছায়ার মতো পাশে ছিলেন, সেই মানুষটিকে শেষ বিদায় জানাতে যুক্তরাষ্ট্র থেকে দ্রুত রোজারিওতে পৌঁছেছেন বিশ্বজয়ী এই তারকা।
এএফপির তথ্য অনুযায়ী, স্থানীয় সময় শুক্রবার গভীর রাতে মারা যান ৬৮ বছর বয়সী হোর্হে মেসি। দীর্ঘদিন ধরেই নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। বাবার মৃত্যুর খবর পেয়ে ফোর্ট লডারডেল থেকে বিমান ধরে শনিবার রাতে রোজারিওর বিমানবন্দরে পা রাখেন মেসি। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো ও সন্তানরা। পরে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বিমানবন্দর ছেড়ে যান তারা।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস এক প্রতিবেদনে জানিয়েছে, রোজারিওর কাছাকাছি একটি শহরে অত্যন্ত গোপনীয়তা ও একান্ত পারিবারিক পরিসরে হোর্হে মেসিকে সমাহিত করার কথা রয়েছে। তবে খবর ছড়িয়ে পড়ার পর থেকেই শেষবারের মতো শ্রদ্ধা জানাতে প্রিয় তারকার বাবার সমাধিস্থলের গেটের আশপাশে ভিড় জমিয়েছেন অসংখ্য ভক্ত-সমর্থক। এই দুর্দিনে পুরো পরিবারের পাশে দাঁড়ানেই লক্ষ্য তাদের।
হোর্হে মেসির প্রয়াণে বিশ্ব ফুটবলে নেমে এসেছে গভীর শোকের ছায়া। বার্সেলোনা, রিয়াল মাদ্রিদসহ বিশ্বের নামী-দামী ক্লাবগুলো শোক বার্তা পাঠিয়েছে। এছাড়া আর্জেন্টিনার ক্লাব নিউয়েলস ও রোজারিও সেন্ট্রালও শোক প্রকাশ করেছে।