ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের জীবনমান উন্নয়নে উদ্যোগ নেওয়া প্রয়োজন : এমপি

‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ধাত্রীদের সম্মান জানানো, জীবন ও সুস্থতা রক্ষা করা’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর বদলগাছীতে আন্তর্জাতিক ক্ষুদ্র নৃ-গোষ্ঠী দিবস পালিত হয়েছে। আজ রোববার (৯ আগস্ট) বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারী-পুরুষদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সামাজিক সংগঠনের নেতা আকাশ পাহানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল। তিনি তার বক্তব্যে বলেন, দেশের প্রতিটি নাগরিকের অধিকার ও মর্যাদা সমান। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের জীবনমান উন্নয়ন এবং তাদের নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন। আমার নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী বদলগাছী ও মহাদেবপুর উপজেলায় তাদের জন্য আলাদা সাংস্কৃতিক কেন্দ্র তৈরি করা হবে খুব নিকটে। তিনি আরও যোগ করেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়ন ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তাদের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য ও মৌলিক অধিকার নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইসরাত জাহান ছনি, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপুসহ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নেতৃবৃন্দ, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *