সাদা বলের সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছে মালয়েশিয়া ক্রিকেট দল। বাংলাদেশ এইচপি দলের বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে বড় ব্যবধানে হার দিয়ে শুরু করেছে সফরকারীরা। টি-টোয়েন্টি শেষে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে মালয়েশিয়া।
সেই সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ শনিবার (৮ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে কালাম সিদ্দিকী অ্যালিনকে অধিনায়ক করে এই দল ঘোষণা করেছে বোর্ড।
বাংলাদেশ অনুর্ধ্ব-২৩ দলের এই স্কোয়াডের বেশিরভাগ সদস্যই একসঙ্গে অনূর্ধ্ব-১৯ দলে খেলা ক্রিকেটার। অনেক দিন ধরেই একসঙ্গে খেলছে তারা।
আগামী ১২, ১৪ এবং ১৬ আগস্ট অনুষ্ঠিত হবে তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজ। সব কটি ম্যাচই হবে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স মাঠে। খেলাগুলো শুরু হবে সকাল সাড়ে ৯টায়।
বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল
কালাম সিদ্দিকী অ্যালিন (অধিনায়ক), জাওয়াদ আবরার, রিফাত বেগ, ইকবাল হোসেন ইমন, আদিল বিন সিদ্দিক, রিজান হোসেন, মোহাম্মদ আব্দুল্লাহ, মাহফুজুর রহমান রাব্বি, শেখ পারভেজ জীবন, মারুফ মৃধা, আব্দুর রহিম, রাহিন আহমেদ, শাহরিয়ার সাকিব, দেবাশীষ সরকার দেবা, স্বাধীন ইসলাম, আহরার আমিন।
স্ট্যান্ডবাই : মঈনুল ইসলাম তন্ময়, ফরিদ হোসেন ফয়সাল, খালিদ হাসান, নুহায়েল সানদীদ, রাফিউজ্জামান রাফি।