ভারতের উত্তর প্রদেশের গোন্ডা জেলার কারাগারে প্রেমিকের সঙ্গে দেখা করতে যায় এক স্কুলছাত্রী। তার কাছ থেকে অন্তত ১০টি তাজা গুলি উদ্ধার করা হয়েছে। তার কাছ থেকে একটি জাল আধার কার্ড ও নগদ রুপিও জব্দ করা হয়েছে। সে পুলিশ হেফাজতে রয়েছে। গত বৃহস্পতিবার (৬ আগস্ট) এ ঘটনা ঘটে। খবর এনডিটিভির।
কারাগারের জেলার আফতাব আলম আনসারি এক বিবৃতিতে জানান, হর্ষু কাশ্যপ নামের এক বন্দির সঙ্গে দেখা করতে ওই মেয়ে তার সঙ্গে একজনকে নিয়ে গোন্ডার বিভাগীয় কারাগারে আসে। তবে, কারাগারের প্রধান ফটকে বাধ্যতামূলক নিরাপত্তা তল্লাশির সময় মেয়েটির কাছে একটি ভুয়া আধার কার্ড পাওয়া যায়। এতে কারারক্ষীদের সন্দেহ বেড়ে যায়। মেয়েটি নিজের নামের সঙ্গে তার আধার কার্ডে থাকা নাম ভিন্ন পাওয়া যায়।
জেলার আফতাব আলম আনসারি আরও বলেন, তল্লাশির সময় নিরাপত্তা কর্মকর্তারা মেয়েটির পকেট থেকে ১০টি তাজা গুলি উদ্ধার করেন। এরপর জব্দকৃত জিনিসপত্রসহ দুজনকে পুলিশের জেল ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের সময় মেয়েটি তার আসল পরিচয় প্রকাশ করেছে। সে দাবি করে, তাজা গুলিগুলো তার বাবার লাইসেন্স করা পিস্তলের। তার বাবার মেজাজ খিটখিটে এবং সে তার কারাবন্দি প্রেমিকের সঙ্গে দেখা করতে এসেছে জানতে পারলে তিনি কোনো কঠোর পদক্ষেপ নিতে পারতেন। সেজন্য সে বন্দুক থেকে গুলিগুলো বের করে সঙ্গে নিয়ে এসেছে।
এ ঘটনায় একটি এফআইআর দায়ের করা হয়েছে এবং আরও তদন্ত চলছে বলে জানিয়েছেন জেলার।