দুর্নীতি-চাঁদাবাজি ও মাদকমুক্ত সমাজ গড়তে হবে : গণপূর্তমন্ত্রী

কুমিল্লা ক্লাবে দক্ষিণ জেলা বিএনপির ইফতার মাহফিল সভাপতির বক্তব্য দিচ্ছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন।

গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির  সভাপতি  জাকারিয়া তাহের সুমন বলেছেন, যার যার নির্বাচনি এলাকায় দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধ করতে হবে। মাদকমুক্ত সমাজ গঠন করতে হবে। চাঁদাবাজি ও মাদকমুক্ত সমাজ গড়তে পারলেই জনগণ আমাদের ওপর আস্থা রাখবে।

আজ বৃহস্পতিবার (৫ মার্চ) কুমিল্লা ক্লাবে অনুষ্ঠিত দক্ষিণ জেলা বিএনপির ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে জাকারিয়া তাহের সুমন এ কথা বলেন।

জাকারিয়া তাহের সুমন বলেন,  জাতীয় নির্বাচনে বিএনপি কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করেছে। এই নির্বাচনই শেষ নয়, আগামীর স্থানীয় সরকার নির্বাচনেও যাতে জনগণ বিএনপিকে সমর্থন দেয় সেই জন্য প্রতিশ্রুতি মোতাবেক সংসদীয় এলাকায় কাজ করতে হবে।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমের  সঞ্চালনায় ইফতার মাহফিলে বক্তব্য দেন কুমিল্লা- ৬ (সদর ও সদর দক্ষিণ) আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের আবুল কালাম, কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) আসনের আলহাজ মোবাশ্বের আলম ভুঁইয়া প্রমুখ।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কুমিল্লা মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক আমিরুজ্জামান আমির, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক সরওয়ার জাহান ভুঁইয়া দোলন, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোজাহিদ চৌধুরী, নজরুল ইসলাম ভুঁইয়া স্বপনসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *