ধামরাইয়ে কাভার্ডভ্যানের চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২

ধামরাইয়ের বাটুলিয়া এলাকায় সড়ক দুর্ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করছে পুলিশ।

ঢাকার ধামরাইয়ে কাভার্ডভ্যানের চাপায় এক পুলিশ কনস্টেবলসহ দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে ধামরাইয়ের কালামপুর-সাটুরিয়া আঞ্চলিক সড়কের বাটুলিয়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—মোটরসাইকেল আরোহী পুলিশ কনস্টেবল তারেক হোসাইন মল্লিক (৩০) এবং বাইসাইকেল আরোহী কুদ্দুস মিয়া। নিহত তারেক হোসাইন মল্লিক ধামরাইয়ের রাজাপুর এলাকার সামছুল হক মল্লিকের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, তারেক হোসাইন ঢাকা থেকে মোটরসাইকেল যোগে নিজ গ্রাম রাজাপুরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বাটুলিয়া এলাকায় পৌঁছালে একটি বাইসাইকেলের সাথে তাঁর মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তারেক ও বাইসাইকেল আরোহী কুদ্দুস মিয়া উভয়েই সড়কের ওপর ছিটকে পড়েন। ঠিক সেই মুহূর্তে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী কাভার্ডভ্যান তাদের দুজনকে চাপা দিলে ঘটনাস্থলেই পুলিশ কনস্টেবল তারেক হোসাইন মারা যান।

দুর্ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত বাইসাইকেল আরোহী কুদ্দুস মিয়াকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকেও মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ধামরাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান জানান, পুলিশ দুজনের মরদেহ উদ্ধার করেছে। কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে এবং এর চালককে আটক করা হয়েছে। এই ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের ও পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *