ভিকারুননিসায় দুই দিনব্যাপী ‘ভিকিস মিনা বাজার ২০২৬’

নারী উদ্যোক্তাদের ক্ষমতায়ন ও শিক্ষার্থীদের সৃজনশীলতাকে উৎসাহিত করতে দুই দিনব্যাপী ‘ভিকিস মিনা বাজার ২০২৬’ আয়োজন করতে যাচ্ছে ভিকারুননিসা অ্যালামনাই অ্যাসোসিয়েশন। এবারের মিনা বাজারে ভিকারুননিসার নারী উদ্যোক্তাদের পরিচালিত প্রায় ৪৫টি স্টল থাকবে।

আগামীকাল শুক্রবার ও শনিবার রাজধানী ঢাকার বেইলি রোডে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের প্রধান ক্যাম্পাস অডিটরিয়ামে এই মেলা অনুষ্ঠিত হবে। আয়োজকরা জানান, নারী উদ্যোক্তাদের জন্য একটি কার্যকর প্ল্যাটফর্ম তৈরি করতেই এই মেলার উদ্যোগ নেওয়া হয়েছে।

ভিকারুননিসা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ইফফাত গিয়াস এবং নির্বাহী পরিচালক আফসানা আলমগীর খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বৃহস্পতিবার (৫ মার্চ) এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ৭৫ বছর পূর্তি উপলক্ষে বছরব্যাপী উদযাপনের অংশ হিসেবে এবং ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে এই বিশেষ আয়োজন করা হয়েছে।

নারী উদ্যোক্তাদের পরিচালিত স্টলে পাওয়া যাবে দেশি-বিদেশি শাড়ি, তৈরি পোশাক, আধুনিক জুয়েলারি, প্রসাধনী, ঘর সাজানোর সামগ্রীসহ নানা ধরনের পণ্য। রমজান মাসকে সামনে রেখে দর্শনার্থীদের জন্য রাখা হয়েছে বিশেষ আয়োজনও।

আগামী শুক্রবার মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। শনিবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা (শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়) মাহদী আমীন।

অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান অধ্যক্ষ মাজেদা বেগম, বিভিন্ন শাখার প্রধান, শিক্ষকবৃন্দ, ভিকারুননিসা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ও নির্বাহী পরিচালকসহ নির্বাহী কমিটির সদস্যরা এবং বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা।

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। মেলায় প্রবেশের জন্য টিকিট মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *