শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষার রুটিন পরিবর্তনের দাবিতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখী সড়কে বন্ধ করে দিয়েছে পুলিশ।
বুধবার (১৫ জুলাই) বেলা পৌনে চারটার দিকে সড়কে ব্যারিকেড বসিয়ে সচিবালয় অভিমুখী সড়ক বন্ধ করে দেওয়া হয়।
সাইন্সল্যাব থেকে শিক্ষার্থীরা শিক্ষা মন্ত্রণালয়ের দিকে আসার খবরে এই সড়কটি বন্ধ করে দেয় পুলিশ। সচিবালয়ের প্রত্যেক গেটের সঙ্গে এ সময় শিকলসহ তালা লাগাতে দেখা যায়। এ ছাড়াও সড়কের দুই পাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে তিন দফা দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো আন্দোলনে নেমেছেন এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীরা। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বুধবার (১৫ জুলাই) পরীক্ষা শেষে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি (সায়েন্সল্যাব) মোড়ে জড়ো হয়ে সড়ক অবরোধ করেন তারা। প্রায় আধা ঘণ্টা অবস্থান কর্মসূচি পালনের পর বিকেল ৩টা ৫ মিনিটের দিকে শিক্ষা মন্ত্রণালয় ও সচিবালয় অভিমুখে ‘লংমার্চ’ শুরু করেন আন্দোলনকারীরা।
শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ এই মোড় দিয়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। কয়েক মিনিটের মধ্যেই মিরপুর রোড, এলিফ্যান্ট রোড, নিউমার্কেট, ধানমন্ডি ও শাহবাগমুখী সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী, কর্মজীবী মানুষ ও যানবাহনের চালকরা। পরে শিক্ষার্থীরা মিছিল নিয়ে সায়েন্সল্যাব এলাকা ত্যাগ করলে যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে।
এসএন/পিডিকে