‘তুম্বাড ২’-এ আলিয়ার নতুন চমক

রহস্য, ভয় এবং ভারতীয় লোককথার অন্ধকার জগত নিয়ে আবারও বড় পর্দায় ফিরছে বহুল আলোচিত সিনেমা ‘তুম্বাড’। আর এই প্রত্যাবর্তনে যুক্ত হয়েছে নতুন চমক। সিনেমাটির দ্বিতীয় কিস্তি ‘তুম্বাড ২’এ অভিনয় করতে দেখা যাবে বলিউড অভিনেত্রী আলিয়া ভাটকে।

মঙ্গলবার (১৪ জুলাই) অভিনেতা ও প্রযোজক সোহম শাহ সামাজিক যোগাযোগমাধ্যমে আলিয়া ভাটের সঙ্গে একটি ছবি শেয়ার করে তাঁর অন্তর্ভুক্তির খবর জানান। ছবির সঙ্গে তিনি লেখেন, “নতুন একটি অধ্যায়ের সূচনা। ‘তুম্বাড ২’এ স্বাগতম, আলিয়া ভাট। দেখা হবে প্রেক্ষাগৃহে।” এই ঘোষণার পর থেকেই সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ আরও বেড়ে গেছে।

২০১৮ সালে মুক্তি পাওয়া ‘তুম্বাড’ ছিল ভারতীয় সিনেমার জন্য এক ব্যতিক্রমী নির্মাণ। সাধারণ হরর সিনেমার বাইরে গিয়ে লোককথা, পৌরাণিক বিশ্বাস এবং রহস্যকে একসঙ্গে মিলিয়ে তৈরি করা হয়েছিল ছবিটি। মহারাষ্ট্রের কোঙ্কণ অঞ্চলের আবহ, অভিশপ্ত ‘হাস্তার’-এর গল্প এবং লোভের ভয়াবহ পরিণতি ছবিটিকে দর্শক ও সমালোচকদের কাছে প্রশংসিত করে।

মুক্তির পর ‘তুম্বাড’ ধীরে ধীরে একটি কাল্ট সিনেমার মর্যাদা পায়। এমনকি পরবর্তী সময়ে পুনর্মুক্তিতেও ছবিটি দর্শকদের কাছ থেকে ভালো সাড়া পায়। তাই দ্বিতীয় কিস্তি নিয়ে শুরু থেকেই ছিল ব্যাপক কৌতূহল।

এর আগে ‘তুম্বাড ২’এর ঘোষণা দিয়ে নির্মাতারা এমন কিছু রহস্যময় পোস্ট প্রকাশ করেছিলেন, যেখানে ইঙ্গিত দেওয়া হয়েছিল—অভিশপ্ত সেই জগত আবারও ফিরে আসছে। সোহম শাহ এক পোস্টে লিখেছিলেন, “পাপে ভরা অতীত, অশনি সংকেতময় ভবিষ্যৎ। লোভের উত্তরাধিকার আবারও জেগে উঠছে।” এই বার্তাই সিনেমার নতুন গল্প নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি করে।

সোহম শাহ জানিয়েছেন, ‘তুম্বাড ২’ শুধু আগের গল্পের ধারাবাহিকতা নয়, বরং সেই রহস্যময় জগতকে আরও বিস্তৃতভাবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আগের সিনেমার ভয়, পৌরাণিক আবহ এবং অন্ধকার রহস্য বজায় রেখে এবার আরও বড় পরিসরে গল্প বলা হবে।

জানা গেছে, সিনেমায় আলিয়া ভাটকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। পাশাপাশি নওয়াজউদ্দিন সিদ্দিকীও অভিনয় করছেন গুরুত্বপূর্ণ ভূমিকায়। আদেশ প্রসাদের পরিচালনায় নির্মিত হচ্ছে এই সিনেমা। সোহম শাহ ফিল্মস ও পেন স্টুডিওসের যৌথ প্রযোজনায় তৈরি ‘তুম্বাড ২’ ২০২৭ সালের ৩ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

আলিয়ার মতো জনপ্রিয় অভিনেত্রীর যুক্ত হওয়ায় সিনেমাটির প্রত্যাশা আরও বেড়েছে। এখন দর্শকদের অপেক্ষা কবে আবার পর্দায় খুলবে ‘তুম্বাড’এর সেই রহস্যময় দরজা।

এসএন/পিডিকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *