২০২৬ ফুটবল বিশ্বকাপ নকআউট পর্বে রেফারিং নিয়ে বিতর্ক যেন নিয়মিত ঘটনায় দাঁড়িয়েছে। সেই বিতর্কের সর্বশেষ সংযোজন গতরাতে মায়ামিতে অনুষ্ঠিত ইংল্যান্ড-নরওয়ে কোয়ার্টার ফাইনাল। জুড বেলিংহামের সমতাসূচক গোলকে ঘিরে তৈরি হওয়া বিতর্কে ম্যাচ শেষ হওয়ার পরও থামেনি আলোচনা। ফিফা প্রযুক্তিগত বিশ্লেষণের ভিত্তিতে গোলটি বৈধ বলে জানালেও নরওয়ের কোচ স্তালে সোলবাকেন দাবি করেছেন, গোলের আগে বল অবশ্যই স্পাই ক্যামেরার তারে স্পর্শ করেছিল!
ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তটি আসে প্রথমার্ধের শেষ দিকে। নরওয়ের গোলরক্ষক ওরিয়ান হাসকিয়োল্ড নাইল্যান্ড বল ক্লিয়ার করতে গেলে সেটির গতিপথ অস্বাভাবিকভাবে বদলে যায়। বলটি গিয়ে পড়ে ইংল্যান্ডের এলিয়ট অ্যান্ডারসনের সামনে। তার বাড়ানো বল থেকে জুড বেলিংহাম সমতাসূচক গোল করেন। গোলটি নিয়েই শুরু হয় বিতর্ক।
ম্যাচ শেষে ফিফা এক বিবৃতিতে জানায়, বলের ভেতরে থাকা ‘কানেক্টেড বল’ প্রযুক্তির সেন্সর বিশ্লেষণে এমন কোনো তথ্য পাওয়া যায়নি, যা থেকে বোঝা যায় বলটি তারে লেগেছিল। সংস্থাটির ভাষ্য অনুযায়ী, বল বাতাসে থাকার সময় সেন্সরের তথাকথিত ‘বলস হার্টবিট’-এ কোনো অতিরিক্ত সংকেত ধরা পড়েনি। ফলে গোল বাতিল করার মতো কোনো প্রযুক্তিগত প্রমাণ পাওয়া যায়নি।
তবে ফিফার এই ব্যাখ্যায় সন্তুষ্ট নন নরওয়ের কোচ স্তালে সোলবাকেন। ইংল্যান্ডের কাছে ২-১ গোলে হেরে বিদায় নেওয়ার পর তিনি বলেন, ‘এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক ছিল। বলটি আকাশ থেকে একেবারে সোজা নিচে নেমে এসেছিল। সেকারণেই এর গতিপথ বদলে গিয়েছিল। কিন্তু এ নিয়ে আমাদের কিছু করার নেই। এই ম্যাচটি ফের মাঠে গড়াবে বলে মনে হচ্ছে না। বাস্তবতা মেনে নিতেই হবে।’
বিতর্ক আরও উসকে দেয় যুক্তরাষ্ট্রের সম্প্রচারকারী প্রতিষ্ঠান ফক্সের সম্প্রচারিত ভিডিও। সেখানে বলটিকে তারের খুব কাছ দিয়ে যেতে দেখা যায়। যদিও সেই ভিডিও থেকেও নিশ্চিতভাবে বল তারে লেগেছিল কি না, তা প্রমাণিত হয়নি।
গোল হওয়ার পরই নরওয়ের ফুটবলাররা মাঠে প্রতিবাদ জানান। আর্লিং হালান্ড, মার্টিন ওডেগার্ডসহ কয়েকজন খেলোয়াড় ফরাসি রেফারি ক্লেমঁ তুরপাঁর সঙ্গে কথা বলেন। ফিফার নিয়ম অনুযায়ী, যদি বল বাইরের কোনো বস্তুর সংস্পর্শে এসে খেলার গতিপথ পরিবর্তন করে, তাহলে রেফারি গোল বাতিল করে ড্রপ বলের নির্দেশ দিতে পারেন। কিন্তু তুরপাঁ গোল বহাল রাখেন।
রেফারির অবস্থান নিয়েও মন্তব্য করেছেন সোলবাকেন। তিনি বলেন, ‘রেফারি বলেছেন, নিজে ঘটনাটি দেখেননি। তাঁকে কেউ এমন কোনো বার্তাও দেননি, বলটি সত্যিই তারে লেগেছিল। এটা যথেষ্ট যুক্তিসঙ্গত ব্যাখ্যা। আর যেহেতু ফিফা বলছে, বলটি কোনো কিছু স্পর্শ করেনি এবং বলের চিপ থেকেও কোনো সংকেত পাওয়া যায়নি, তাই তার আর কিছু করার ছিল না।’
তবু নিজের অবস্থান থেকে একচুলও সরে আসেননি নরওয়ের এই কোচ। ম্যাচ শেষে আবারও একই প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘বলটি আমাদের বেঞ্চের ঠিক সামনে আকাশ থেকে সোজা নিচে নেমে এসেছিল। আমার মতে, এটা অবশ্যই তারে লেগেছিল। যদি চিপ থেকে কোনো শব্দ বা সংকেত না আসে, তাহলে এর বিপক্ষে আর কী বলা যায়!’
ম্যাচের লড়াইটিও ছিল নাটকীয়। ৩৮ মিনিটে আন্দ্রেয়াস শেলডেরুপের গোলে এগিয়ে যায় নরওয়ে। প্রথমার্ধের শেষেই বেলিংহাম সমতা ফেরান। দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে কর্নার থেকে তোরবিয়র্ন হেগেম বল জালে জড়ালেও আর্লিং হালান্ডের ফাউলের কারণে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সহায়তায় সেই গোল বাতিল করা হয়।
নির্ধারিত ৯০ মিনিট ১-১ সমতায় শেষ হলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ের ৯৩ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ইংল্যান্ডকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন বেলিংহাম। শেষ পর্যন্ত সেই ব্যবধানই ধরে রেখে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করে ইংল্যান্ড।
শেষ চারে ইংল্যান্ডের প্রতিপক্ষ আর্জেন্টিনা। কানসাসে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। আগামী ১৫ জুলাই ডালাসে বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত ইংল্যান্ড-আর্জেন্টিনা সেমিফাইনাল।
এসএন/পিডিকে