বিয়ের পাঁচদিন না পেরোতেই সুখবর দিলেন আমির খান

ব্যক্তিগত জীবনে নতুন অধ্যায় শুরু করেছেন বলিউড তারকা আমির খান। গত ৫ জুলাই ঘরোয়া আয়োজনে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে গৌরী স্প্র্যাটকে বিয়ে করেন তিনি। বিয়ের মাত্র পাঁচদিনের মাথায় এবার ভক্তদের দিলেন আরেকটি সুখবর। নতুন একটি আন্তর্জাতিক চলচ্চিত্র প্রকল্পের ঘোষণা দিয়েছেন অভিনেতা-প্রযোজক আমির।

জানা গেছে, আমির খান প্রোডাকশনস, কবীর খান ফিল্মস এবং অস্ট্রেলিয়ার মাইন্ড ব্লোয়িং ফিল্মস যৌথভাবে নির্মাণ করতে যাচ্ছে ‘সিল্কইয়ারা ৪১’ নামের একটি সিনেমা। বাস্তব ঘটনার অনুপ্রেরণায় নির্মিত এই সিনেমার পরিচালনায় থাকছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা কবীর খান। চিত্রনাট্য লিখেছেন অস্ট্রেলিয়ার খ্যাতিমান লেখক অ্যান্ড্রু আনাস্তাসিওস।

সিনেমাটির গল্প আবর্তিত হবে ২০২৩ সালে উত্তরাখণ্ডের উত্তরকাশীর সিল্কইয়ারা টানেলে আটকে পড়া ৪১ শ্রমিককে উদ্ধারের ঐতিহাসিক ঘটনাকে ঘিরে। টানা ১৭ দিনের রুদ্ধশ্বাস অভিযানের পর উদ্ধারকারী দল সফলভাবে শ্রমিকদের বাইরে নিয়ে আসে। সেই ঘটনাই এবার বড়পর্দায় তুলে ধরবেন নির্মাতারা।

নির্মাতাদের ভাষ্য, এটি কেবল একটি উদ্ধার অভিযানের গল্প নয়; বরং সাহস, মানবতা, অদম্য মানসিক শক্তি এবং আন্তর্জাতিক সহযোগিতার এক অনন্য দলিল। ছবিতে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন টানেলিং বিশেষজ্ঞ অধ্যাপক আর্নল্ড ডিক্সের ভূমিকাও তুলে ধরা হবে।

নতুন এই প্রকল্প নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে আমির খান বলেন, ‘মাইন্ড ব্লোয়িং ফিল্মস এবং আমির খান প্রোডাকশনসের এই যুগান্তকারী সহযোগিতার ঘোষণা দিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। সিল্কইয়ারা টানেলে উদ্ধার অভিযান সাহসিকতা ও মানবতার এক অসাধারণ দৃষ্টান্ত, যা আমাকে গভীরভাবে স্পর্শ করেছে।’

তিনি আরও বলেন, ‘ভারত ও অস্ট্রেলিয়ার দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন অধ্যায়ে এই ছবির ঘোষণা বিশেষ তাৎপর্যপূর্ণ। দুই দেশের যৌথ উদ্যোগে নির্মিত এই চলচ্চিত্র আন্তর্জাতিক সহযোগিতা এবং মানবিক চেতনার জয়কে উদযাপন করবে।’

‘বজরঙ্গি ভাইজান’, ‘এক থা টাইগার’ ও ‘৮৩’-এর মতো সফল সিনেমার নির্মাতা কবীর খানের সঙ্গে আমির খানের এই নতুন জুটি নিয়ে এরই মধ্যে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। ব্যক্তিগত জীবনের নতুন শুরুর পর পেশাগত জীবনেও বড় এই ঘোষণায় দ্বিগুণ আনন্দে সময় কাটাচ্ছেন বলিউডের এই জনপ্রিয় অভিনেতা।

এসএন/পিডিকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *