তৃতীয় বিয়ে করলেন আমির খান

বলিউড অভিনেতা আমির খান তৃতীয়বারের মতো বিয়ে করেছেন। রোববার (৫ জুলাই) মুম্বাইয়ের পালি হিলে নিজ বাসভবনে একান্ত ঘরোয়া আয়োজনে গৌরী স্প্র্যাটের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। অনুষ্ঠানে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন।

বিয়ের অনুষ্ঠানে গৌরী স্প্র্যাটকে আইভরি রঙের লেসের সালোয়ার-কামিজে দেখা যায়। গলায় ছিল ঐতিহ্যবাহী গয়না এবং চুলে ফিশটেইল বেণি। অন্যদিকে আমির খান পরেছিলেন ক্রিম রঙের কুর্তা, যার সঙ্গে ছিল একটি ব্রোচ। সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে তাদের বিয়ের ছবি ছড়িয়ে পড়েছে।

বিয়ের আগে ডেকান ক্রনিকলকে দেওয়া এক সাক্ষাৎকারে আমির জানিয়েছিলেন, জাঁকজমকপূর্ণ আয়োজনের পরিবর্তে তারা নিবন্ধিত ও ঘরোয়া বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, ‘এটি খুবই সাধারণ একটি নিবন্ধিত বিয়ে। শুধু দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরাই থাকবেন। আমরা বিষয়টি একেবারে সাদামাটাভাবে রাখতে চেয়েছি।’

গৌরী স্প্র্যাট বর্তমানে আমির খান প্রোডাকশনস-এর সঙ্গে যুক্ত। এর আগে তিনি বেঙ্গালুরুভিত্তিক একটি সেলুন চেইনে কাজ করতেন। আগের সংসারে তাঁর সাত বছর বয়সী একটি ছেলে রয়েছে।

২০২৫ সালের মার্চে নিজের ৬০তম জন্মদিনে প্রথমবারের মতো গৌরীকে গণমাধ্যমের সামনে পরিচয় করিয়ে দেন আমির। তখন তিনি জানান, প্রায় ২৫ বছর আগে তাদের প্রথম পরিচয় হলেও পরে চাচাতো বোন নুজহাত খানের মাধ্যমে আবার যোগাযোগ হয় এবং সেখান থেকেই সম্পর্কের নতুন শুরু।

সে সময় আমির বলেছিলেন, ‘রীনার সঙ্গে আমি ১৬ বছর ছিলাম, এরপর কিরণের সঙ্গেও ১৬ বছর কাটিয়েছি। সেই সম্পর্কগুলো থেকে অনেক কিছু শিখেছি। গৌরীর সঙ্গে আমি এখন স্থিরতা অনুভব করি।’

এ ছাড়া গত বছর রাজ শামানির পডকাস্টে আমির বলেন, ‘আমাদের দেখা হয়েছিল একেবারেই ঘটনাচক্রে। প্রথমে বন্ধু হই, পরে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে।’ তিনি আরও স্বীকার করেন, দুটি বিবাহবিচ্ছেদের পর জীবনে আবার ভালোবাসা আসবে—এমনটা তিনি ভাবেননি।

এটি আমির খানের তৃতীয় বিয়ে। প্রথম স্ত্রী রীনা দত্তের সঙ্গে তাঁর দুই সন্তান—জুনাইদ খান ও ইরা খান। পরে তিনি চলচ্চিত্র নির্মাতা কিরণ রাওকে বিয়ে করেন। তাদের এক ছেলে আজাদ রাও খান। বিচ্ছেদের পরও সাবেক দুই স্ত্রীর সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন আমির। নতুন জীবনের এই আয়োজনে রীনা দত্ত ও কিরণ রাও—দুজনই উপস্থিত ছিলেন।

এসএন/পিডিকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *