ছেলেকে শ্বাসরোধে হত্যার পর আত্মহত্যার নাটক বাবা-মায়ের

ভারতের গুজরাটে মদ্যপানের জেরে ২৩ বছর বয়সী নিজের সন্তানকে নৃশংসভাবে খুন করে তাকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার ঘটনা প্রকাশ্যে এসেছে। গত ৩০ জুন রাজকোট জেলার গোন্ডাল তালুকের গুন্ডালা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত যুবকের নাম রাম বাবুভাই বামভাভা। প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে মনে করা হলেও ময়নাতদন্তের রিপোর্টে বাবা-মায়ের এই নৃশংস হত্যাকাণ্ডের ছক ফাঁস হয়ে যায়। খবর এনডিটিভির। 

পুলিশি তদন্তে জানা গেছে, নিহত রামের অতিরিক্ত মদ্যপানের অভ্যাস ছিল। এই আসক্তি নিয়ে প্রায়ই তার বাবা-মায়ের সঙ্গে বাড়িতে প্রচণ্ড ঝগড়া হতো। ঘটনার দিন রাম মদ্যপ অবস্থায় বাড়ি ফিরলে বাবা-মায়ের সঙ্গে চরম বাকবিতণ্ডা শুরু হয়। ঝগড়া একপর্যায়ে সহিংস রূপ নিলে মা মনীষাবেন রামের মুখে এসিড ঢেলে দেন। এরপর বাবা তাকে বেদম মারধর করার পর শ্বাসরোধ করে হত্যা করেন।

হত্যাকাণ্ডটি সম্পন্ন করার পর সেটিকে ‘আত্মহত্যা’ হিসেবে প্রমাণ করতে কোমর বেঁধে নামেন পেশায় চা বিক্রেতা পিতা বাবুভাই। অপরাধ লুকাতে তিনি স্থানীয় রাজনৈতিক নেতাদের সঙ্গে যোগাযোগ করেন। এরপর স্থানীয় প্রভাবশালী নেতাদের মাধ্যমে তিনি প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করার চেষ্টা করেছিলেন।

তবে সমস্ত চক্রান্ত ব্যর্থ হয়ে যায় ময়নাতদন্তের রিপোর্ট। রিপোর্টে স্পষ্টভাবে প্রমাণিত হয়, বিষাক্ত রাসায়নিক (এসিড) সেবন এবং শ্বাসরোধের কারণে রামের মৃত্যু হয়েছে। মেডিকেল রিপোর্ট হাতে আসার পর নিহতের স্ত্রী নিজের শ্বশুর ও শাশুড়ির বিরুদ্ধে থানায় আনুষ্ঠানিক হত্যা মামলা দায়ের করেন। মামলার ভিত্তিতে গোন্ডাল থানা পুলিশ অভিযুক্ত পিতা ও মাতাকে গ্রেপ্তার করেছে।

ভারত খুন বাবা-মা হত্যা

sn/sks

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *