বাংলাদেশকে তিস্তা প্রকল্পে সহযোগিতা অব্যাহত রাখবে চীন

তিস্তা প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশকে কারিগরিসহ সব ধরনের সহায়তা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

বৃহস্পতিবার (২ জুলাই) ঢাকার চীন দূতাবাসে আয়োজিত ব্রিফিংয়ে এ নিয়ে কথা বলেন তিনি।

রাষ্ট্রদূত বলেন, “বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর দ্বিপাক্ষিক সম্পর্ক আরো এগিয়ে নিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।”

ইয়াও ওয়েন বলেন, “তিস্তা মহাপরিকল্পনা নিয়ে চীন তার আগের অবস্থানেই রয়েছে। এ প্রকল্প বাস্তবায়নে সব ধরনের কারিগরিসহ অন্যান্য সহযোগিতা করতে প্রস্তুত বেইজিং।”

এছাড়া বাংলাদেশ-মিয়ানমার-চীন করিডর বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মন্তব্য করেন তিনি।

ইয়াও ওয়েন বলেন, “তিস্তা বাংলাদেশের প্রকল্প। এটি আপনাদের প্রকল্প।”

ইয়াও ওয়েন জানান, সফরকালে প্রধানমন্ত্রী চীনের পানিসম্পদমন্ত্রী লি গোয়িংয়ের সঙ্গে বৈঠক করেন। সেখানে পানি সম্পদ ব্যবস্থাপনায় সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

তিনি বলেন, “নদী ব্যবস্থাপনা, পানি সম্পদ পরিকল্পনা, বন্যা প্রতিরোধ, দুর্যোগ ঝুঁকি হ্রাস, সক্ষমতা বৃদ্ধি এবং জনবল প্রশিক্ষণে বাংলাদেশকে সহযোগিতা করতে চীন প্রস্তুত।”

“একটি বিষয় আমি স্পষ্ট করে বলতে চাই—তিস্তা প্রকল্পের প্রতি চীনের প্রতিশ্রুতি অপরিবর্তিত রয়েছে,” বলেন তিনি।

রাষ্ট্রদূত জানান, তিস্তা প্রকল্পে চীন তাদের সক্ষমতার মধ্যে সহায়তা অব্যাহত রাখবে এবং সম্ভাব্যতা সমীক্ষাসহ সংশ্লিষ্ট কাজ দ্রুত এগিয়ে নিতে দুই দেশের বিশেষজ্ঞদের সহযোগিতা করবে।

সূত্র: বিবিসি

এসএন/পিডিকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *