ফুটবল মাঠের তারকা হিসেবেই নয়, মানবিক উদ্যোগেও আবারও আলোচনায় এসেছেন ব্রাজিলের ফরোয়ার্ড নেইমার। ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলার মানুষের দুর্দশা লাঘবে তিনি প্রায় ২ লাখ ৫০ হাজার মার্কিন ডলার অনুদান দিয়েছেন (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ কোটি ৭ লাখ ৮০ হাজার টাকা)।
ভেনেজুয়েলার সংবাদমাধ্যম এল সুমারিও জানিয়েছে, নেইমারের দেওয়া এই অর্থ জরুরি মানবিক সহায়তায় ব্যবহার করা হবে। দুর্গত মানুষের জন্য খাদ্য, বিশুদ্ধ পানীয় পানি, প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রী এবং অস্থায়ী আশ্রয়ের ব্যবস্থা করতে এই অনুদান ব্যয় করা হবে।
মানবিক এই উদ্যোগ নিয়ে নেইমার বলেন, ভেনেজুয়েলার মানুষের কষ্ট আমাকে গভীরভাবে নাড়া দিয়েছে। আমার এই সামান্য সহায়তা যদি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জীবনে কিছুটা স্বস্তি এনে দিতে পারে, সেটাই হবে সবচেয়ে বড় প্রাপ্তি।
গত বুধবার ভেনেজুয়েলায় ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। দেশটির জাতীয় পরিষদের সভাপতি হোর্হে রদ্রিগেজের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত অন্তত ১ হাজার ৪৩০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩ হাজার ২৩৮ জন এবং অন্তত ৩ হাজার ১৪২টি পরিবার ঘরবাড়ি হারিয়ে বাস্তুচ্যুত হয়েছে।
এখনও ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষকে উদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। তবে ভারী উদ্ধারযন্ত্রের সংকট এবং একের পর এক আফটারশকের কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে।
অন্যদিকে, চোট কাটিয়ে মাঠে ফেরার দিকেও এগোচ্ছেন নেইমার। ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, তার শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে বদলি হিসেবে মাঠে নামার পর এবার জাপানের বিপক্ষে শেষ ৩২-এর ম্যাচে আগের চেয়ে বেশি সময় খেলার সম্ভাবনা রয়েছে তার।
এসএন/কে