ভারত থেকে চালের শেষ চালান পৌঁছাল মোংলা বন্দরে

ভারতের সঙ্গে চুক্তির তৃতীয় প্যাকেজের আওতায় চালের শেষ চালান মোংলা বন্দরে পৌঁছেছে। পাঁচ হাজার ৭৩৬ দশমিক ৫০০ মেট্রিক টন চাল নিয়ে ভিয়েতনামের পতাকাবাহী ‘এমভি পুথান-৩৬’ জাহাজটি মোংলা বন্দরে নোঙর করেছে।

শনিবার (২৭ জুন) মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।

মোংলা বন্দর এলাকার সহকারী খাদ্য নিয়ন্ত্রক আবদুস সোবাহান জানান, ভারত থেকে মোংলা বন্দর দিয়ে আমদানি করা তৃতীয় প্যাকেজের চালের এটি শেষ চালান। ভারতের সঙ্গে মোট ৫০ হাজার মেট্রিক টন চাল আমদানির চুক্তি হয়েছিল।

তিনি বলেন, শুক্রবার (২৬ জুন) রাতে শেষ চালানটি বন্দরে পৌঁছায়। শনিবার সকালে আমদানি করা চালের ভৌত পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার পর রোববার (২৮ জুন) বিকেল থেকে জাহাজ থেকে চাল খালাস শুরু হবে।

আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারতের সঙ্গে বাংলাদেশের চাল আমদানির চুক্তি অনুযায়ী পর্যায়ক্রমে এসব চাল মোংলা ও চট্টগ্রাম বন্দরে এসেছে। এ পর্যন্ত ১০টি জাহাজে করে চুক্তির সব চাল দেশে পৌঁছেছে। খালাসের পর এসব চাল নদীপথে দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো হয়েছে।

এর আগে গত ২০ জানুয়ারি ভারত থেকে আমদানি করা চালের প্রথম চালান মোংলা বন্দরে পৌঁছায়। ভিয়েতনামের পতাকাবাহী ‘এমভি পুথান-৩৬’ জাহাজেই ওই চালান এসেছিল।

জানা গেছে, চলতি বছরের ১৫ জানুয়ারি আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারতের সঙ্গে চাল আমদানির চুক্তি হয়। চুক্তির আওতায় ৪০ শতাংশ চাল মোংলা বন্দরে এবং বাকি ৬০ শতাংশ চাল চট্টগ্রাম বন্দরে খালাস করা হয়েছে।

এসএন/কে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *