রোববার থেকে শুরু বাংলাদেশ-জিম্বাবুয়ের একমাত্র টেস্ট

ক্রিকেটীয় শক্তিতে জিম্বাবুয়েকে পেছনে ফেলেছে বাংলাদেশ। সাম্প্রতিক দিনগুলোতে পার্থক্য আরও স্পষ্ট হয়েছে। ছন্দে আছে বাংলাদেশ। ছন্দ নিয়ে জিম্বাবুয়ে সফরে গেছে দলটি। সফরকারীরা বিশ্রাম দিয়েছে নিয়মিত বেশ কয়েকজনকে। তবু, সেরাটা দেওয়ার ব্যাপারে আশাবাদী শান্তরা। সেরাটা দেওয়ার প্রত্যয়ে আগামীকাল রোববার (২৮ জুন) জিম্বাবুয়ের হারারেতে মুখোমুখি হবে দুদল। একমাত্র টেস্টটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর দেড়টায়।

ম্যাচ নিয়ে বেশ আশাবাদী বাংলাদেশ দল। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানালেন, আত্মবিশ্বাসী পুরো দল। সেরাটা দেওয়ার প্রস্তুতি নিয়েছেন তারা।

শান্ত বলেন, ‘ম্যাচের জন্য পুরোপুরি প্রস্তুত আমরা। কিছু খেলোয়াড় পরে এসেছে তবে আশা করি এই কয়দিনের অনুশীলনে মানিয়ে নিয়েছে। এখানে যেসব সুযোগ-সুবিধা আছে সে অনুযায়ী আমরা সেরা প্রস্তুতি নেওয়ারই চেষ্টা করেছি। সবাই আত্মবিশ্বাসী আছে। গত কয়েক সিরিজে ভালো ক্রিকেট খেলছি। আশা করি এই টেস্টে ভালো কিছু করতে পারব।’

জিম্বাবুয়ে সিরিজ শেষে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশ। অস্ট্রেলিয়ায় পাড়ি জমানোর আগে সিরিজটিকে প্রস্তুতি হিসেবে দেখছেন শান্ত।

অধিনায়ক যোগ করেন, ‘এই সিরিজের পর বেশ কিছু অ্যাওয়ে সিরিজ আছে। এই সিরিজে কতটা ভালো খেলছি এটা গুরুত্বপূর্ণ। ব্যাটার-বোলাররা ভালো করলে সামনের সিরিজেও কাজে আসবে। লক্ষ্য থাকবে কত ভালো ক্রিকেট আমরা খেলতে পারি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *