অস্ট্রিয়া-আলজেরিয়া ম্যাচে বল দখলের লড়াই। ছবি : ফিফা
ফিফা ২০২৬ বিশ্বকাপের ‘জে’ গ্রুপে দুর্দান্ত এক লড়াই উপহার দিল আলজেরিয়া ও অস্ট্রিয়া। কানসাস সিটি স্টেডিয়ামে ছয় গোলের রোমাঞ্চকর ম্যাচটি শেষ হয়েছে ৩-৩ সমতায়। শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত পাল্টাপাল্টি আক্রমণ আর নাটকীয় গোলের লড়াইয়ে জমে ওঠে ম্যাচটি।
প্রথমার্ধে ২৮তম মিনিটে মার্কো আরনাউটোভিচের গোলে এগিয়ে যায় অস্ট্রিয়া। তবে বিরতির ঠিক আগে ৪৫তম মিনিটে রাফিক বেলগালি সমতা ফেরান আলজেরিয়ার হয়ে। প্রথম ৪৫ মিনিট শেষ হয় ১-১ সমতায়।
বিরতির পর ম্যাচের গতি আরও বেড়ে যায়। ৫৫তম মিনিটে মার্সেল সাবিৎসারের গোলে আবারও এগিয়ে যায় অস্ট্রিয়া। কিন্তু সেই আনন্দ পাঁচ মিনিটও স্থায়ী হয়নি। ৬০তম মিনিটে অধিনায়ক রিয়াদ মাহরেজ দারুণ এক ফিনিশিংয়ে আবারও সমতায় ফেরান আলজেরিয়াকে।
দ্বিতীয়ার্ধের শেষ ভাগে দুই দলই জয়ের জন্য মরিয়া হয়ে ওঠে। নির্ধারিত সময়ের শেষ দিকে একের পর এক আক্রমণ চালায় আলজেরিয়া। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলকে ৩-২ ব্যবধানে এগিয়ে দেন মাহরেজ। গ্যালারিতে তখন আলজেরিয়ার সমর্থকদের উল্লাস।
তবে ম্যাচের শেষ নাটক তখনও বাকি ছিল। যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে বদলি হিসেবে নামা সাশা কালাইডজিচ হেডে গোল করে অস্ট্রিয়াকে ৩-৩ সমতা এনে দেন। শেষ মুহূর্তের সেই গোলে জয়ের স্বপ্ন ভেঙে যায় আলজেরিয়ার।
ম্যাচ ড্র হওয়ায় অবশ্য শেষ হাসি হেসেছে দুই দলই। কারণ নকআউটে জায়গা পাকা হয়েছে অস্ট্রিয়া আর আলজেরিয়ার। ৩ ম্যাচে সমান একটি করে জয়, পরাজয় আর ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে ‘জে’ গ্রুপের দ্বিতীয় দল হিসেবে নকআউটে গেল অস্ট্রিয়া। ৪ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় সেরা আট ‘তৃতীয় স্থান’ দল হিসেবে শেষ ৩২- এ গেল আলজেরিয়া।
sn/sks