কুমিল্লা নগরীতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা মহানগর শাখার ২৬ নম্বর ওয়ার্ডের সেক্রেটারি আব্দুল্লাহ বিন জহির (২৬) নিহত হয়েছেন। নিহত আব্দুল্লাহ আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের মহেশপুর গ্রামের বাসিন্দা এবং জহিরুল ইসলামের ছেলে।
জানা গেছে, বুধবার (২৪ জুন) সন্ধ্যায় কুমিল্লা মেডিক্যাল কলেজ রোডে ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের সামনে সড়ক পারাপারের সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান।
স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় রাতে কুমিল্লা মেডিক্যাল সেন্টারে তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের সদস্যরা মরদেহ নিয়ে গেছেন।
আব্দুল্লাহর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা মহানগর শাখা।
এক শোকবার্তায় মহানগর সভাপতি হাছান আহমেদ ও সেক্রেটারি নাজমুল হাসান বলেন, আব্দুল্লাহ বিন জহিরের আকস্মিক মৃত্যুতে সংগঠন একজন নিবেদিতপ্রাণ কর্মীকে হারিয়েছে। ইসলামী আন্দোলনের পথে তার অবদান ও স্মৃতি সংগঠনের নেতাকর্মীদের মাঝে চিরস্মরণীয় হয়ে থাকবে।
পৃথক এক যৌথ শোকবার্তায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ বলেন, “আব্দুল্লাহ বিন জহির ছিলেন একজন সৎ, কর্মঠ ও নিবেদিতপ্রাণ কর্মী। ছাত্রসমাজের মাঝে ইসলামের আদর্শ পৌঁছে দিতে তার ত্যাগ ও অবদান সংগঠন চিরকাল স্মরণ রাখবে।”
নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহর কাছে তার সকল খেদমত কবুল, ভুলত্রুটি ক্ষমা ও জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম কামনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবার, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানান।