শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, গ্রামের যেসব শিক্ষক ২০ বছর ধরে ফাঁকি দিয়ে ঢাকা বা শহরে এসেছেন, তাদের আবারও গ্রামে ফেরত পাঠানো হবে। আজ বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে খুলনা বিভাগীয় অডিটরিয়ামে সুষ্ঠু সুন্দর পরিবেশে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষা ২০২৬ গ্রহণের লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের কেন্দ্রগুলোর ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী শিক্ষকদের প্রতি শিক্ষার মান উন্নয়নের আহ্বান জানিয়ে বলেন, ফেসবুকে মিথ্যা প্রশ্নপত্র ফাঁসের তথ্য প্রচার করলে তাকে নতুন ডিজিটাল আইনের আওতায় আনা হবে। এ সময় শিক্ষকদের বিভিন্ন প্রশ্নেরও জবাব দেন তিনি।
যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ফখরে আযম মু. আব্দুস ছালামের সভাপতিত্বে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন, জিআইজি মো. রেজাউল হক, খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষর চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা প্রমুখ।