নেইমারের আপডেট জানালো ব্রাজিল

নেইমারের ফেরা ঘিরে আবারও উজ্জীবিত ব্রাজিল দল। কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, স্কটল্যান্ডের বিপক্ষে তৃতীয় গ্রুপ ম্যাচে এই অভিজ্ঞ ফরোয়ার্ড দলের জন্য পুরোপুরি প্রস্তুত থাকবেন। তবে শুরুর একাদশে তাকে রাখা হবে কি না, সেই সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি।

বাঁচা-মরার ম্যাচে বৃহস্পতিবার ভোর ৫টায় মিয়ামিতে স্কটল্যান্ডের মুখোমুখি হবে ব্রাজিল।

৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড প্রায় তিন বছর পর জাতীয় দলে ফিরেছেন। মাসলের ইনজুরি কাটিয়ে তিনি এখন ধীরে ধীরে পুরোপুরি ফিট হয়ে উঠছেন এবং দলের সঙ্গে নিয়মিত অনুশীলন করছেন।

আনচেলত্তি বলেন, নেইমার অনুশীলনে ভালো অবস্থায় আছেন এবং দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। তার অভিজ্ঞতা ও নেতৃত্ব তরুণদের জন্য বড় সহায়তা হয়ে উঠছে। মাঠে না থাকলেও তার উপস্থিতি দলকে বাড়তি অনুপ্রেরণা দিচ্ছে।নেইমারের খেলার সময় নিয়ে প্রশ্নে কোচ রসিকতা করে বলেন, তিনি চাইলে পুরো ৯০ মিনিটই খেলতে পারেন, এমনকি ধীরে খেললেও সমস্যা নেই। পাশাপাশি তিনি জানান, রাফিনহার ইনজুরির কারণে দলে পরিবর্তন আসবে। তবে তার বিকল্প এখনও চূড়ান্ত হয়নি।

প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১–১ ড্রয়ের পর হাইতির বিপক্ষে ৩–০ জয়ে কিছুটা ছন্দে ফিরেছে ব্রাজিল। স্কটল্যান্ডের বিপক্ষে জয় পেলেই রাউন্ড অব ৩২ নিশ্চিত করবে তারা। আনচেলত্তির বিশ্বাস, দল ধীরে ধীরে সঠিক পথে ফিরছে এবং বিশ্বকাপে প্রতিটি ম্যাচই কঠিন চ্যালেঞ্জ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *